২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ অপেরার দুই যুগ পূর্তি উৎসবে চার শিল্পীকে সম্মাননা

যাত্রা দল দেশ অপেরার দুই যুগ পূর্তিতে চার যাত্রা শিল্পীকে ‘অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক’ দেওয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2017, 12:04 AM

Updated : 11 Oct 2022, 02:41 PM

এ বছর এই পদকপ্রাপ্তরা হলেন- ঢাকার চিত্ত রঞ্জন দাস, খুলনার স্বপন কুমার গুহ, চট্টগ্রামের আহমেদ ইকবাল হায়দার ও নড়াইলের হেম কান্তি সেন।

বুধবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় পরীক্ষণ থিয়েটার হলে দেশ অপেরার ‘দুই যুগ পূর্তি উৎসবের’ উদ্বোধন করেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। সেখানেই শিল্পীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

নাট্যব্যক্তিত্ব আতাউর রহমানের সভাপতিত্বে পদক প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ, সাংবাদিক অজয় দাশ গুপ্ত, একুশে পদকপ্রাপ্ত যাত্রাভিনেত্রী জ্যোৎস্না বিশ্বাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দেশ অপেরার অধিকারী ও নিদের্শক মিলন কান্তি দে।

উদ্বোধনী বক্তব্যে রামেন্দু মজুমদার বলেন, “অন্যান্য দলের চাইতে দেশ অপেরা একটু ভিন্নমাত্রার। সারা দেশের সান্ধ্যকালীন যাত্রা প্রদর্শনীর মাধ্যমে রুচিশীল দর্শকের কাছে এ শিল্পকে সমাদৃত করা দলের অন্যতম লক্ষ্য।”

আতাউর রহমান বলেন, “যাত্রা পালা কেবল বিনোদনের মাধ্যম নয়, গণশিক্ষার হাতিয়ার বটে। আমি বিশ্বাস করি, আমাদের যাত্রাশিল্প ও আধুনিক নাট্যকলার সমন্বয়ে একদিন প্রয়োগ শিল্পের  এক অপূর্ব সিম্ফনি তৈরি হবে।”

আলোচনা সভা ও পদক প্রদান শেষে যাত্রানট অমলেন্দু বিশ্বাসের জীবন ও কর্ম নিয়ে  মিলন কান্তিদে রচিত, নির্দেশিত ও একক অভিনীত যাত্রাপালা ‘আমি অমলেন্দু বিশ্বাস’ মঞ্চস্থ হয়। এ পালাটি প্রযোজনা করেছে দেশ অপেরা।

তাদের দুই যুগ পূর্তি উৎসব উপলক্ষে বর্ণাঢ্য কলেবরের একটি স্মরণিকা প্রকাশ করা হয়েছে। সেটির মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

১৯৯৩ সালে যাত্রা শুরু করা দেশ অপেরা প্রযোজিত পালাগুলোর মধ্যে রয়েছে, ‘বিদ্রোহী নজরুল’, ‘স্বাধীন সুলতান ইলিয়াস শাহ’, ‘নবাব সিরাজউদ্দৌলা’, ‘আনারকলি’, ‘এই দেশ এই মাটি’, ‘সতী করুণাময়ী’, ‘বাংলার মহানায়ক’।

২০১৩ সালে দলের ২০ বছর পূর্তিতে শুরু হয় অমলেন্দু বিশ্বাস স্মৃতিপদক প্রদান। দেশের অগ্রণী যাত্রা শিল্পী অমলেন্দু বিশ্বাসের স্মৃতি স্মরণে তারা এই পদক প্রবর্তন করে।