২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গা প্রশ্নে ভারতের সুর জোরালো হয়েছে: ওবায়দুল কাদের

রোহিঙ্গা সঙ্কট নিয়ে ভারতের সুর আগের চেয়ে জোরালো হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 05:41 PM

Updated : 11 Oct 2022, 02:40 PM

বুধবার বনানীর সেতু ভবনে ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

কাদের বলেন, “রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে বিশ্ব জনমত আরও জোরদার হয়েছে। ইন্ডিয়ার সুরও আগের চেয়ে জোরদার হয়েছে।

এর ব্যাখ্যায় সেতুমন্ত্রী বলেন, আগে ভারত রোহিঙ্গাদের জন্য ত্রাণ পাঠালেও শক্ত কোনো অবস্থানে যায়নি। কিন্তু এ সপ্তাহের শুরুতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসে বলে গেছেন, মিয়ানমারকে তাদের বাস্তুচ্যুত নাগরিকদের ‘ফিরিয়ে নিতেই হবে’।

“কাজেই এ ব্যাপারে ভারতও তাদেরকে চাপ দেওয়া শুরু করেছে বলে আমাদের মনে হয়। এভাবে যদি আমাদের অন্যান্য বন্ধু দেশ; রাশিয়া ও চীন… যেটা ইউরোপীয় ইউনিয়ন করছে, আমেরিকা কঠিন অবরোধের কথা চিন্তা করছে। এভাবে সবাই এগিয়ে এলে মিয়ানমার অবশ্যই তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।”

মিয়ানমারে নতুন করে সেনা অভিযানের মুখে গত দুই মাসে ছয় লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশের কক্সবাজারে আশ্রয় নিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বুধবার নেপিদোতে মিয়ানমারের নেত্রী সু চির সঙ্গে দেখা করতে গেলে তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীদের’ ফিরিয়ে নিতে তার সরকার কাজ শুরু করেছে।

শ্রিংলার সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে দেশের চলমান রাজনীতি নিয়েও কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকারের কথা বললেও আগামী নির্বাচনের আগে ‘সংবিধানে হাত দেওয়ার কোনো সুযোগ নেই’।

“শুনতে পাচ্ছি স্ট্যান্ডিং কমিটিতে আলোচনা করেছেন তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি করবেন। এ নিয়ে আন্দোলনের হুমকি দিতে পারে। বিরোধীদল হিসেবে তারা এটা করতে পারে।

“তবে তারা যতই এটা নিয়ে হইচই করুন না কেন, আগামী নির্বাচন নির্বাচন কমিশনের অধীনেই হবে, আওয়ামী লীগ সেখানে সহায়ক সরকার হিসেবে দায়িত্ব পালন করবে। নির্বাচনের আগে সংবিধানে পরিবর্তনের কোনো সুযোগ নেই।”

বিএনপি যদি নির্বাচনে এসে দুই-তৃতীয়াংশ আসন জিততে পারে, তখন তারা ‘মনের মাধুরি মিশিয়ে সংবিধানে পরিবর্তন আনতে পারবে’ বলে মন্তব্য করেন কাদের।

তিনি জানান, ভারতের হাই কমিশনার এসেছিলেন ভারতীয় ঋণের উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে। তবে বৈঠকে রোহিঙ্গা সঙ্কটসহ বিভিন্ন বিষয়ে তাদের কথা হয়েছে, যার মধ্যে তিস্তা চুক্তির প্রসঙ্গও ছিল।

“ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে অঙ্গীকার তা রক্ষা করার ব্যাপারে ভারত সরকার পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। তিস্তা ইস্যু যেন আমাদের পরবর্তী নির্বাচনের আগে সুরাহা হয় সেটি আমরা জানিয়েছি।”

আগামী মাসে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দলের ভারত সফরে যাওয়ার পরিকল্পনা নিয়েও হাই কমিশনারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান কাদের।

আর ভারতের হাই কমিশনার বলেন, “এ মাসের শুরুতে ভারতের অর্থমন্ত্রী অরুণ জেটলি বাংলাদেশ সফর করে গেছেন। এরপর বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব এখানে এসেছিলেন। সর্বশেষ আমাদের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ এসেছিলেন। এসব বিষয়ে মাননীয় মন্ত্রীকে অবহিত করেছি।”

সেসব আলোচনার পাশাপাশি রোহিঙ্গা পরিস্থিতি নিয়েও সেতুমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে বলে জানান শ্রিংলা।

“আমাদের পররাষ্ট্রমন্ত্রী তার সফরে বাংলাদেশের ভূমিকার প্রশংসা করে গেছেন। আমরা আশা করি, মিয়ানমার রাখাইনে তাদের সহিংসতা বন্ধ করবে এবং তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে নিরাপদ ও টেকসই পরিস্থিতি তৈরি করবে।”