২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মওদুদ ও খোকনের আট মামলা স্থগিত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ ও যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকনের বিরুদ্ধে নাশকতার আট মামলার কার্যক্রম স্থগিত করেছে হাই কোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 04:57 PM

Updated : 12 Apr 2022, 12:35 AM

এর মধ্যে মওদুদ আহমদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানার মামলা সাতটি আর মাহবুব উদ্দিন খোকনের একটি মামলা।

মামলা বাতিলের আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মো. মিফতাহ উদ্দীন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের বেঞ্চ পৃথক আদেশে মামলাগুলোর কার্যক্রম স্থগিতের পাশাপাশি রুলও দিয়েছে।

রুলে এসব মামলা কেন বাতিল করা হবে না, জানতে চাওয়া হয়েছে।

নিজেদের আবেদনে মওদুদ ও খোকন নিজেরাই শুনানি করেন। মওদুদের সঙ্গে ছিলেন সঙ্গে ছিলেন আইনজীবী সৈয়দ তাজরুল হোসেন। আর খোকনের সঙ্গে ছিলেন সাকিব মাহবুব।

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির।

বিএনপি-জামায়াত জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে মওদুদ আহমদের বিরুদ্ধে ২০১৩ সালের ২ মার্চ পল্টন থানায় চারটি, রমনা থানায় একটি এবং একই বছরের ৪ মার্চ  শাজাহানপুর থানায় একটি মামলা হয়।

পৃথক সাত মামলায় ২০১৪ ও ২০১৫ সালে অভিযোগপত্র দাখিল করা হয়। এসব মামলার অভিযোগ আমলে নেওয়ার পর গত সপ্তাহে মামলা বাতিল চেয়ে  মওদুদ হাই কোর্টে আবেদন করেন, যা বুধবার শুনানির জন্য ওঠে।

অপরদিকে ২০১৫ সালে হরতাল-অবরোধ চলার সময় একই অভিযোগে মাহবুব উদ্দিন খোকনসহ ৫২ জনের বিরুদ্ধে পল্টন থানার এসআই জিয়াউল হক মামলা করেন।

চলতি বছরের ২৭ এপ্রিল পল্টন থানার এসআই দেবী কান্ত বর্মণ অভিযোগপত্র দেন।

অভিযোগ গ্রহণের পর ২৭ জুলাই আত্মসমর্পণ করে জামিন নেন ব্যারিস্টার খোকন। এরপর তিনি অভিযোগ আমলে নেওয়ার বৈধতা চ্যালেঞ্জ করে হাই কোর্টে আবেদন করেন। সে আবেদনটিই বুধবার শুনানির জন্য ওঠে।

হাই কোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করা হবে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ মনিরুজ্জামান কবির জানিয়েছেন।