২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পায়ুপথে সোনার বার, শাহজালালে একজন আটক

পায়ুপথে সোনার বার নিয়ে ঢাকার শাহজালালে আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছেন শুল্ক গোয়েন্দারা। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2017, 04:28 PM

Updated : 19 Aug 2022, 05:50 PM

তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে আটটি সোনার বার, যার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ টাকা বলে শুল্ক গোয়েন্দা বিভাগের মহাপরিচালক মইনুল খান জানিয়েছেন।

আটক মোশারফ হোসেন (৪২) মুন্সিগঞ্জের সিরাজদিখানের মতিউর রাহমান বেপারীর ছেলে।

মইনুল খান জানান, বুধবার ভোরে মালয়েশিয়া থেকে বাংলাদেশ বিমানের ‘বিজি ০৮৭’ ফ্লাইটে মোশাররফ ঢাকায় আসেন।

“কাস্টমস এবং ইমিগ্রেশন এলাকার আনুষ্ঠানিকতা শেষ করে গ্রিন চ্যানেল পেরিয়ে যাওয়ার সময় তাকে চ্যালেঞ্জ করেন শুল্ক গোয়েন্দারা। তার চোখে কালো দাগ ও চলাচলে অস্বাভাবিকতা লক্ষ্য করে সন্দেহ আরো বাড়ে। তবে মোশাররফ কোনোভাবেই তার কাছে সোনা থাকার কথা স্বীকার করছিলেন না।”

তার শরীরে সোনা থাকার ব্যাপারে গোয়েন্দাদের কাছে নিশ্চিত তথ্য থাকায় কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করতে থাকেন, পরে আর্চওয়ে মেশিনে হাটিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায় বলে জানান মইনুল খান।

“নিজে থেকে বের না করে দেওয়ায় যাত্রীকে উত্তরার একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করানো হয়। রিপোর্টে যাত্রীর তলপেটে সোনা থাকার অস্তিত্ব ধরা পড়ে। যাত্রীকে বিমানবন্দর আনার পর তিনি সোনার বারগুলো বের করে দেন।”

মইনুল খান জানান, মোশাররফের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে, এ বছর তিনি ৫০ বার কুয়ালালামপুর  ভ্রমণ করেছেন। প্রতিবার সোনা বহন করেছেন কিনা তা জানার চেষ্টা চলছে।