২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারীর জন্য নিরাপদ, নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিতের দাবি

নারীর প্রতি সব ধরনের নির্যাতন প্রতিরোধ করে সবক্ষেত্রে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2017, 01:36 AM

Updated : 11 Oct 2022, 02:38 PM

১৫ অক্টোবর গ্রামীণ নারী দিবস উপলক্ষে কমিটির উদ্যোগে শনিবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ হয়।

সমাবেশে জাতীয় কমিটির সচিবালয় সম্পাদক ফেরদৌস আরা রুমী বলেন, “দেশে প্রতিদিন গড়ে অন্তত দুটি করে ধর্ষণের ঘটনা ঘটছে। এর মধ্যে মামলা হচ্ছে অর্ধেকের। দীর্ঘ আইনি ও নানা জটিল প্রক্রিয়ার কারণে এসব মামলার অধিকাংশই আলোর মুখ দেখছে না। অন্যদিকে আইনের ফাঁকফোকর গলে বেরিয়ে যাচ্ছে বেশিরভাগ আসামি। এখন পর্যন্ত একটিও দৃষ্টান্তমূলক শাস্তি না দেওয়ার কারণে ধর্ষণ, ধর্ষণের পর হত্যা, আত্মহত্যা বেড়েই চলেছে।”

বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি জায়েদ ইকবাল খান বলেন, “গরিব অভিভাবকরা অনেক সময় অল্প টাকায় আসামির সঙ্গে আপস করে মামলা তুলে নেন। অনেক সময় সম্মান খোয়ানোর ভয়ে ভিকটিম বা তার পরিবার মামলা করেন না। আবার মামলা করলেও আসামিপক্ষের আইনজীবীর নোংরা জেরার কারণে বাদীপক্ষ পিছিয়ে যায়। অথচ ধর্ষণের জন্য দায়ী কেবল ধর্ষক এবং তার বিকৃত মানসিকতা। তাই ধর্ষণ বা নির্যাতনের শিকার নারীকে দায়ী করার মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে সবার আগে।”

আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন জাতীয় কমিটির সচিবালয় সমন্বয়কারী মোস্তফা কামাল আকন্দ বলেন, “গণমাধ্যমে ধর্ষকের ছবি এবং তার সম্পর্কে বিশদ বর্ণনা দিয়ে আসামি ও তার পরিবারকে সমাজের চোখে কোণঠাসা করতে হবে। কিন্তু কখনোই ভিকটিম বা তার পরিবার সম্পর্কে কোনো তথ্য প্রকাশ করা যাবে না।”

সমাবেশে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ মাস পিপল জাস্টিস পার্টির সভাপতি মো. হাসান, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি বদরুল আলম, বাংলাদেশ কিষাণী সভার কদ ভানু ও জাতীয় কমিটির সভা প্রধান শামীমা আক্তার।