আইপিএর স্থায়ী সদস্য বাংলাদেশ
পুস্তক প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ইন্টারন্যাশনাল পাবলিশার্স অ্যাসোসিয়েশনের (আইপিএ) স্থায়ী সদস্য হয়েছে বাংলাদেশ।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার জার্মানির ফ্রাঙ্কফুর্টে আন্তর্জাতিক বইমেলায় আইপিএর বার্ষিক সাধারণ সভায় সদস্যদের ভোটের মাধ্যমে স্থায়ী সদস্য হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে সিদ্ধান্ত হয়।
এর আগে ২০১৫ সালে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি আইপিএ অস্থায়ী সদস্য হয়।
বাংলাদেশ ছাড়াও সাধারণ সভায় গ্রিস, জর্ডান ও পেরুও স্থায়ী সদস্যপদ পায়।
ফ্রাঙ্কফুর্টে চলমান ৬৯তম আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি।
