২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্পিকারের বক্তব্যের সংবাদ বিজ্ঞপ্তি প্রত্যাহার করল সংসদ সচিবালয়

যুক্তরাষ্ট্রের এক অনুষ্ঠানে দেওয়া স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বক্তব্য ‘ভুলভাবে’ উপস্থাপন করে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার পর তা প্রত্যাহার করেছে সংসদ সচিবালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2017, 01:58 PM

Updated : 11 Oct 2022, 02:37 PM

মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্ব ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) আয়োজনে পার্লামেন্টারি নেটওয়ার্ক ওয়ার্কশপে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বক্তব্য নিয়ে সংসদ সচিবালয় বুধবার ওই সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়।

সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার সহকারী পরিচালক মো. কামাল হোসেন স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তির বরাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে সংবাদ প্রকাশিত হয়।

স্পিকারকে উদ্ধৃত করে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক উন্নয়নে  বিশ্ববাসীর কাছে এক অনন্য দৃষ্টান্ত হিসেবে আবিভূর্ত হয়েছে। কিন্তু সম্প্রতি বিপুল সংখ্যক মায়ানমারের রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে। বাংলাদেশ সম্পূর্ণ মানবিক কারণে এই বিপুল সংখ্যক শরণার্থীকে আশ্রয় দিলেও এখন এটা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে। এ সঙ্কট সমাধানে তিনি বিশ্ব ব্যাংকের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণের জন্য দাতা সংস্থাসহ বিশ্ববাসীর প্রতি আহবান জানান।”

পরে স্পিকার শিরীন শারমিন চৌধুরী টেলিফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে- এমন বক্তব্য তিনি দেননি।

“বিষয়টি আমার নজরে আসায় আমি সংসদ সচিবালয়ের সঙ্গে যোগাযোগ করেছি। সংবাদ বিজ্ঞপ্তিতে আসা ওই বক্তব্য সঠিক নয়।”

এরপর বুধবার সন্ধ্যায় সংসদ সচিবালয়ের গণসংযাগ শাখা সংবাদ বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করার কথা জানিয়ে নতুন বিজ্ঞপ্তি দেয়।

সেখানে বলা হয়, “জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ-১ শাখা থেকে অদ্য ১১/১০/২০১৭ তারিখ প্রেরিত (নং ৩৪০) বিজ্ঞপ্তিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সফররত মাননীয় স্পিকারের এক কর্মশালায় বক্তব্য প্রদানের উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে ‘রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে’।

“প্রেস বিজ্ঞপ্তিটি মাননীয় স্পিকারের দৃষ্টিগোচর হলে তিনি জানান যে, তিনি এ ধরনের কোনো বক্তব্য প্রদান করেননি। পরিপ্রেক্ষিতে প্রেস বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করা হল।”