গাজীপুরের বেদখল খাস জলাশয় উদ্ধারে হাই কোর্টের নির্দেশ
গাজীপুর জেলায় বেদখল হওয়া সব খাস জলাশয় ও পুকুর পুনরুদ্ধার করতে নির্দেশ দিয়েছে হাই কোর্ট।
একইসঙ্গে জেলার খাস জলাশয়ের তালিকা করে বেদখল জলাশয়গুলো উদ্ধারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা আগামী ৩০ দিনের মধ্যে আদালতকে জানাতে বলা হয়েছে।
মঙ্গলবার একটি জাতীয় দৈনিকে প্রকাশিত এ সংক্রান্ত প্রতিবেদন নজরে নিয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর হাই কোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়।
স্থানীয় সরকার সচিব, ভূমিসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, পুলিশের মহাপরিদর্শক, গাজীপুর জেলা প্রশাসক ও গাজীপুরের পুলিশ সুপারকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে বলে জানান সংশ্লিষ্ট বেঞ্চে ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।
সাংবাদিকদের তিনি বলেন, গাজীপুর জেলার অন্তর্ভুক্ত খাস পুকুর ও জলাশয়, যেগুলো বেদখল হয়েছে বা বেদখলের পাঁয়তারা চলছে তার তালিকা এবং তালিকাভুক্ত ৩৮৪টি পুকুর, আরও যদি খাস জলাশয় থাকে, যেগুলো বেদখল হয়েছে তা পুনরুদ্ধার করতে ও রক্ষণাবেক্ষণের জন্য ৩০ দিনের মধ্যে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
এ বিষয়ে আগামী ১২ নভেম্বর আদালত পরবর্তী আদেশ দেবে বলেও জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার।
রুলসহ এ আদেশের সময় ওই হাই কোর্ট বেঞ্চে সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমাও উপস্থিত ছিলেন।
