গুলশানে ব্যবসায়ীর বাসা থেকে গৃহকর্মীর লাশ উদ্ধার
রাজধানীর গুলশানের একটি বাসা থেকে গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্ধোর করেছে পুলিশ।
গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, সোমবার বেলা ১২ টার দিকে গুলশান দুই নম্বরের ১২৬ নম্বর সড়কের ১৩ নম্বর বাড়ীর একটি ফ্লাটের সারভেন্ট রুম থেকে চাঁদনি (১৫) নামের মেয়েটির লাশ উদ্ধার করা হয়।
ফ্লাটটি প্রয়াত এক ব্যবসায়ীর জানিয়ে ওসি বলেন, “ফ্ল্যাটে ব্যবসায়ীর স্ত্রী মেয়েকে নিয়ে থাকেন।
“সম্প্রতি চিকিৎসার জন্য তিনি মেয়েকে নিয়ে সিঙ্গাপুর গেছেন। গৃহকর্ত্রীর এক বোন আর চাঁদনি ছিলেন বাসায়।”
ওসি বলেন, “রাতে দুইজন একসাথেই ঘুমিয়েছিলেন। চাঁদনি কোনো এক সময় উঠে সারভেন্ট রুমে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে বলে ধারণা করা হচ্ছে।
“সকালে গৃহকর্ত্রীর বোন চাঁদনিকে না পেয়ে তার ঘরে গিয়ে দরজা বন্ধ দেখতে পান, ডাকাডাকির পরও দরজা না খোলায় বিকল্প চাবি দিয়ে খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পান।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় বলে জানান ওসি।
চাঁদনি সিরাজগঞ্জের উল্লাহপাড়া উপজেলার রাজবান গ্রামের মৃত শহিদুল ইসলামের মেয়ে।
