রোহিঙ্গা সঙ্কট বড় চ্যালেঞ্জ, সতর্ক করলেন বিজেপি সম্পাদক
নিরাপত্তার প্রশ্নে রোহিঙ্গা সঙ্কটকে বড় চ্যালেঞ্জ বলে বাংলাদেশকে সতর্ক করেছেন ভারতের ক্ষমতাসীন বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধব।
রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের ক্ষেত্রে বাংলাদেশকে তার দেশের সহায়তার আশ্বাসও দিয়েছেন তিনি।
রোববার ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এশিয়ান কনফ্লুয়েন্স আয়োজিত ‘রিভার ফেস্টিভ্যাল’ ‘নদী-২’ এর উদ্বোধনী আসরে ছিলেন রাম মাধব।
নিপীড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার প্রশংসা করেরই তিনি বলেন, “এই মুহূর্তে নিরাপত্তা ইস্যুতে রোহিঙ্গা সমস্যা মোকাবেলা বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।”
রাখাইন রাজ্যে নিপীড়নের শিকার হয়ে ৫ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম গত এক মাসে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশ আহ্বান জানিয়ে আসছে মিয়ানমারকে।
ভারতের ক্ষমতাসীন দলের নেতা রাম মাধব বলেন, “আমরা দু দেশ মিলে মিয়ানমার সরকারকে বলতে পারি, গৌতম বুদ্ধের নীতির প্রতি সম্মান জানিয়ে হলেও অসহায় রোহিঙ্গা নাগরিকদের যেন তারা ফিরিয়ে নেয়।”
সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করার উপরও জোর দেন তিনি।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আসাম রাজ্য সরকারের পানিসম্পদ ব্যবস্থাপনামন্ত্রী কেশব মাহাতো, বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, এশিয়ান কনফ্লুয়েন্স গভার্নিং কাউন্সিলের সদস্য রাজিব ভাটিয়া।
“নদী নিয়ে এ আয়োজন দুই দেশের মানুষের জন্য অত্যন্ত জরুরি। অভিন্ন নদীসমূহ দুই দেশের মানুষ, প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নদী ও নদী তীরবর্তী মানুষের জীবনমান উন্নয়নে সমন্বিত উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে।”
ভারত ও বাংলাদেশের অভিন্ন নদীসমূহে আন্তঃদেশীয় পানিসম্পদ ব্যবস্থাপনা দ্বিপক্ষীয়ভাবে এগিয়ে নেওয়ার আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।
হর্ষ বর্ধন শ্রিংলা দু দেশের নদী ব্যবস্থাপনার ক্ষেত্রে পরিবেশ ইস্যুটিকেও সমান গুরুত্বের সঙ্গে বিবেচনার অনুরোধ জানান।
‘এশিয়ান কনফ্লুয়েন্স রিভার ফেস্টিভ্যাল’ শীর্ষক এ উৎসবের যৌথভাবে আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রনালয়, বিমান ও পর্যটন মন্ত্রনালয়, ট্যুরিজম বোর্ড, ভারতীয় দূতাবাস, ফ্রেন্ডস অব বাংলাদেশ।
এছাড়া উৎসবকে ঘিরে এতে নদী বিষয়ক প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে। রোববার বিকালে জাতীয় নাট্যশালার লবিতে এই প্রদর্শনীর উদ্বোধন করেন বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
