‘মহাত্মা গান্ধীকে বিশ্লেষণে প্রয়োজন নতুন দৃষ্টিকোণ’
নৈরাজ্য, সাম্প্রদায়িকতার রাহুগ্রাস থেকে বেরিয়ে এসে মানবিক সমাজ ব্যবস্থা বিনির্মাণে মহাত্মা গান্ধীর মতবাদকে নতুন দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
মহাত্মা গান্ধীর ১৪৮তম জন্মদিন ও আন্তর্জাতিক অহিংসা দিবস উপলক্ষে শনিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গান্ধী আশ্রম ট্রাস্টের এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিচ্ছিলেন তিনি।
সভার শিরোনাম ছিল ‘পরিবর্তনশীল বিশ্বে গান্ধী দর্শনের বাস্তবায়ন: বর্তমান প্রজন্ম কী ভূমিকা রাখতে পারে’।
এই সভায় যোগ দেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ইউএনডিপির কান্ট্রি ডিরেক্টর সুদীপ্ত মুখার্জী, অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নৃতাত্ত্বিক সামিয়া হক, ইনস্টিটিউট অফ হযরত মোহাম্মদ (সাঃ)-এর পরিচালক রিজওয়ানা ইউসুফ।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর মহাত্মা গান্ধীকে ‘যুগস্রষ্টা’ হিসেবে উল্লেখ করে বলেন, “বাংলাদেশের চলমান প্রেক্ষাপটে গান্ধীর অহিংস মতবাদকে নতুনভাবে বিশ্লেষণের কোনো বিকল্প নেই। সমাজের কোণে কোণে যখন দানবের জন্ম হচ্ছে, ঘটছে নানা বিচ্ছিন্ন ঘটনা, তখন গান্ধীর মতবাদের বাস্তব প্রয়োগ বড় জরুরি।
“গান্ধীর মতবাদ, দর্শন সময়ের সঙ্গে আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। মানবিক সমাজ গঠনে তার অহিংস নীতির প্রতিফলন ভীষণ প্রয়োজন।”
১৯৪৭ থেকে ১৯৬৯-সময়কালে বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনকেও মন্ত্রী ‘এক অর্থে অহিংস গান্ধীবাদী আন্দোলন’ হিসেবে উল্লেখ করেন।
পৃথিবী জুড়ে শরণার্থী ইস্যুতে উন্নত দেশগুলোই যখন মুখ ফিরিয়ে নিয়েছে, তখন বাংলাদেশ সীমান্ত উন্মুক্ত করে দিয়েছে মিয়ানমারে জাতিগত নিপীড়নের শিকার রোহিঙ্গা নাগরিকদের জন্য।
পরে তিনি গান্ধীর ‘সর্ব ধর্ম ভাবনা’র বাস্তবায়নে অসাম্প্রদায়িক ও বৈচিত্র্যপূর্ণ এক সমাজ ব্যবস্থার নির্মাণে নতুন পদ্ধতি গ্রহণের আবেদন জানান।
একবিংশ শতাব্দীর প্রেক্ষাপটে গান্ধীর অহিংস মতবাদ বাস্তবায়ন ‘খুব সহজ হবে না’ বলেও মনে করেন তিনি।
হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, “অহিংস হওয়ার শিক্ষা আসলে ছোটবেলা থেকেই শুরু করা উচিৎ। সবচেয়ে ভালো হয়, যদি এটা আমাদের শিক্ষা ব্যবস্থাতেই অন্তর্ভুক্ত করা যায়।”
গান্ধীর মতবাদ প্রতিষ্ঠার আগে মৌলিক চাহিদা পূরণের পাশাপাশি শক্তির উৎসগুলোর অপব্যবহার বন্ধ করায় গুরুত্বারোপ করেন সুদীপ্ত মুখার্জী।
তিনি বলেন, “সামাজিক ও অর্থনৈতিক কাঠামোতে সমতা নিশ্চিত করা হলে অহিংস মতবাদ প্রতিষ্ঠার কাজটি সহজ হয়ে যাবে।”
গান্ধীর ‘সর্ব ধর্ম ভাবনা’র কথা উল্লেখ করে রিজওয়ানা ইউসুফ বলেন, “রাষ্ট্রধর্ম ইসলাম, সুতরাং একে বাদ দিয়ে তো কোনো উন্নয়নের কথা চিন্তা করা যাবে না। আমরা আন্তঃধর্ম আলোচনাকে একপ্রকার বাইরেই রেখে দিতে চাই। তাই তো নানা প্রতিকূলতার সম্মুখীন হতে হচ্ছে আমাদের। একটা সহিষ্ণু ও সহমর্মিতার সমাজ প্রতিষ্ঠায় আন্তঃধর্ম আলোচনা ভীষণ গুরুত্বপূর্ণ।”
অনুষ্ঠানের সঞ্চালক গান্ধী আশ্রম ট্রাস্টের সভাপতি দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, “গান্ধীর দর্শনের একটি অনন্য পদ্ধতি ছিল, তা হলো আত্মত্যাগের মাধ্যমে অন্যের অধিকার প্রতিষ্ঠা। আজকে যখন আমরা টেকসই উন্নয়নের কথা বলি, তখন আমরা গান্ধীর বহুত্ববাদ মতবাদের কথা ভাবি।”
তিনি আরও বলেন, “রোহিঙ্গা ইস্যুতে সরকার যে নীতি নিয়েছে তা গান্ধীর মতবাদের সঙ্গে ‘সঙ্গতিপূর্ণ।”
অনুষ্ঠানে এসেছিলেন গান্ধী আশ্রম ট্রাস্টের সাধারণ সম্পাদক ঝর্ণা ধারা চৌধুরী, লেখক-কলমনিস্ট সৈয়দ আবুল মকসুদ।
প্রতি বছর ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে আন্তর্জাতিক অহিংস দিবস পালিত হয়।
