মন্ত্রিপাড়ায় উঠছেন সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা শুক্রবার ঢাকার ভিআইপি এলাকা মিন্টো রোডের সরকারি বাসায় উঠছেন।
এতদিন উত্তরায় নিজের বাড়িতে থেকে আসা নূরুল হুদা বৃহস্পতিবার নতুন সরকারি বাসভবন পরিদর্শন করেছেন।
নতুন আবাসিক ঠিকানায় ‘রেড টেলিফোন’ দ্রুত স্থানান্তরের জন্য বিভাগীয় প্রকৌশলীকেও বলেছে ইসির সাধারণ সেবা শাখা।
কে এম নূরুল হুদার নেতৃত্ব ৫ সদস্যের ইসি নিয়োগ পায় গত ১৫ ফেব্রুয়ারি।
ইসির জনসংযোগ শাখার পরিচালক এস এম আসাদু্জ্জামান জানান, মন্ত্রিপাড়ায় ইতোপূর্বে সিইসি, নির্বাচন কমিশনার ও ইসি সচিবের সরকারি বাসার ব্যবস্থা হয়েছে। সর্বশেষ ইসির সাবেক সচিব পরবর্তীতে নির্বাচন কমিশনার স ম জাকারিয়া (২০০৬-২০০৭) মিন্টো রোডে ছিলেন।
সাবেক সিইসি মোহাম্মদ আবু হেনা (১৯৯৬-২০০০) মন্ত্রিপাড়ায় ছিলেন।
কে এম নূরুল হুদা হচ্ছেন দেশের দ্বাদশ সিইসি। তার সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন সাবেক সচিব রফিকুল ইসলাম, সাবেক অতিরিক্ত সচিব মাহবুব তালুকদার, অবসরপ্রাপ্ত জেলা জজ কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী।
চার নির্বাচন কমিশনারকে নিয়ে এ যাবতকালে মোট ২৭ জন কমিশনার ছিলেন সাংবিধানিক সংস্থাটিতে।
