২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে ‘বিপুল পরিমাণ’ বিদেশি মুদ্রাসহ যাত্রী গ্রেপ্তার

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা উদ্ধারের পর তাকে আটক করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2017, 12:07 PM

Updated : 11 Oct 2022, 02:36 PM

আটক মো. মামুন মিয়ার (৪১) বিস্তারিত পরিচয় জানা যায়নি।

শুল্ক গোয়েন্দা বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা থেকে মালয়েশিয়া যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরের বহির্গমন এলাকা থেকে বুধবার গভীর রাতে তাকে আটক করা হয়।

এরপর তার ব্যাগ তল্লাশি করে এক কোটি ২৮ লাখ ৪২ হাজার টাকা মূল্যমানের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত ২টার দিকে ১৬ নম্বর বোর্ডিং ব্রিজে এয়ারলাইনসের চেকইন কাউন্টারে মামুনকে চ্যালেঞ্জ করা হয়। পাসপোর্ট অনুযায়ী চলতি বছরে এ পর্যন্ত ২৪ বার বিদেশ যাতায়াত করেছেন তিনি।

পরে সন্দেহজনক এ যাত্রীকে কাস্টমস হলে নিযে এসে তল্লাশি করে সৌদি রিয়াল, দিরহাম, মালয়েশিয়ান রিংগিত, থাই বাথ, ইন্ডিয়ান রুপি ও শ্রীলঙ্কান রুপি উদ্ধার করা হয়। 



এসব মুদ্রা তার ব্যাগের ভেতরে ছবিবিহীন একটি ফটো অ্যালবামসহ বিভিন্ন জায়গায় লুকানো ছিল। 

এসব মুদ্রা তিনি চোরাচালান করার চেষ্টা করছিলেন উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ধারনা করা হচ্ছে এই যাত্রী একজন বাহক। কারো চোরাচালানী পণ্য কিনতে এই মুদ্রা তিনি অবৈধভাবে বহন করছিলেন। 

এ ঘটনায় আটক মামুন মিয়াকে শুল্ক আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গ্রেপ্তার দেখানো হয়েছে।