শিক্ষা ক্যাডারের শিক্ষকদের ক্লাস বর্জনের হুমকি
বেসরকারি থেকে সরকারি হওয়া কলেজগুলোর শিক্ষকদের ক্যাডারে আত্মীকরণ বিধি বাতিল করা না হলে ক্লাস বর্জনসহ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে বিসিএসে উত্তীর্ণ কলেজ শিক্ষকরা।
‘বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে মর্যাদা রক্ষা কমিটি’ ব্যানারে বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই হুমকি দেওয়া হয়।
সংগঠনের সদস্য সচিব মো. শওকত হোসেন বলেন, “ক্যাডার সার্ভিস সংক্রান্ত যাবতীয় নিয়মনীতি ভঙ্গ করে জাতীয়করণ করা কলেজে শিক্ষকদের ক্যাডারভুক্তির ফলে বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ক্যাডার কর্মকর্তারা চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই জাতীয়করণ কলেজ শিক্ষকদের ক্যাডারভুক্ত করে ‘জাতীয় শিক্ষানীতি-২০১০’ লঙ্ঘন।
“এতে ক্যাডার শিক্ষকদের স্বার্থ অক্ষুণ্ন রেখে জাতীয়করণ করা কলেজ শিক্ষকদের নতুন বিধিমালা করার কথা বলা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। ফলে জাতীয়করণ কার্যক্রম বিতর্কিত করে তোলা হচ্ছে।”
সরকারকে এই পথ থেকে সরে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, “ন্যায্য দাবি থেকে সরে আসার কোনো সুযোগ নেই। এটি শিক্ষা ক্যাডারের অস্তিত্ব ও মর্যাদার প্রশ্ন।”
এবিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ বা আশ্বাস না পেলে শিক্ষা ক্যাডারের ১৫ হাজার সদস্যের লাগাতার কর্মবিরতিতে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না, বলেন শওকত।
তাদের দাবিগুলো হচ্ছে, শিক্ষা ক্যাডারে আত্তীকরণ বন্ধে আর কোনো কলেজ জাতীয়করণ আদেশের আগেই জাতীয়করণ করা কলেজের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রেখে তাদের নিয়োগ, পদায়ন ও পদোন্নতির পৃথক বিধিমালা তৈরি। যেসব কলেজ জাতীয়করণ করা হয়েছে তাদের শিক্ষকদের ক্যাডার বহির্ভূত রাখা। জাতীয়করণের পর সংশ্লিষ্ট শিক্ষকদের স্ব স্ব কলেজেই রাখার ব্যবস্থা করা।
