২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফের উল্টোপথে গাড়ি, ৪৪টি মামলা

কয়েক দিনের অভিযানে রাজধানীর হেয়ার রোডে উল্টোপথে গাড়ি চলা বন্ধ হলেও গত সপ্তাহ পর আবার পাল্টে গেছে চিত্র।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2017, 08:32 PM

Updated : 19 Aug 2022, 05:41 PM

বুধবার বিকালে ওই সড়কে বেশ কয়েকটি গাড়ি উল্টো পথে চলতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে।

এর মধ্যে পুলিশ সুপার মর্যাদার একজন কর্মকর্তার গাড়ি ছাড়াও সরকারি কর্মকমিশনের এক সদস্যের গাড়িও ছিল।

ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মো. মেহেদী হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হেয়ার রোডে বুধবার বিকাল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত অভিযানে উল্টো পথে চালানোর জন্য ৪৪টি মামলা করা হয়।

তিনি জানান, ২৭টি মোটর সাইকেল, ১০টি অটোরিকশা, রাজউক কর্মচারীদের একটি বাস, পিডাব্লিউডির একটি মাইক্রোবাস, দুটি প্রাইভেটকার, পুলিশের একটি গাড়ি, একটি পিকআপ ও সরকারি কর্মকমিশনের সদস্যের একটি গাড়ির বিরুদ্ধে মামলা হয়।

ট্রাফিক দক্ষিণের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশ সুপার পদপর্যায়ের ওই কর্মকর্তা তখন গাড়িতে ছিলেন।”

Image
উল্টোপথের গাড়ি আটকাতে তৎপর পুলিশ (ফাইল ছবি)

উল্টোপথের গাড়ি আটকাতে তৎপর পুলিশ (ফাইল ছবি)

পিএসসি সদস্য শাহজাহান আলী মোল্লার গাড়ি ধরা পড়লেও গাড়িতে তিনি ছিলেন না। তখন ওই গাড়ির চালক মো. রফিকের বিরুদ্ধে মামলা করা হয়।

গত সপ্তাহে উল্টোপথে গাড়ি নিয়ে প্রতিমন্ত্রী থেকে শুরু করে সচিবসহ সরকারের ঊর্ধ্বতন বেশ কয়েকজন কর্মকর্তা পুলিশের হাতে ধরা পড়েন। এরপর গত বুধবার পুলিশ অভিযান চালালেও  কোনো গাড়ি উল্টো পথে চলেনি।

পুরনো খবর:

উল্টোপথে গাড়ি: জ্যেষ্ঠ সচিবের সঙ্গে সেনা ও পুলিশ কর্তাও ধরা
পুলিশ ছিল তৈরি, কিন্তু কেউ ছিল না উল্টোপথে