২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশ ছিল তৈরি, কিন্তু কেউ ছিল না উল্টোপথে

প্রতিমন্ত্রী থেকে শুরু করে সচিব, সেনা ও পুলিশ কর্মকর্তাদের ধরার পর আগের তিন দিনের মতো বুধবারও ঢাকার দুটি স্থানে উল্টো পথের গাড়িগুলোকে ধরতে তৈরি ছিল পুলিশ; কিন্তু এদিন বিফল হতে হয়েছে তাদের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2017, 09:35 PM

Updated : 19 Aug 2022, 05:38 PM

এদিন হেয়ার রোড ও বিজয় সরণিতে উল্টোপথের গাড়ি ধরতে অভিযান চললেও কোনো কর্মকর্তা ধরা পড়েননি বলে জানিয়েছেন ঢাকা মহানগর ট্রাফিক পুলিশ কর্মকর্তারা।

যানজট এড়াতে ভিআইপিসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের গাড়িগুলোর উল্টো পথে চলাচল নিয়ে নগরবাসীর ক্ষোভ ছিল অনেকদিন ধরে। এর মধ্যেই রোববার তা থামাতে অভিযান শুরু হয়।

রোববার হেয়ার রোডে ঢাকা মহানগর দক্ষিণ ট্রাফিক পুলিশ অভিযান চালিয়ে প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, সচিব, পুলিশ ও সাংবাদিকদের জরিমানা করে।

সোমবার বাংলামোটরে উল্টোপথে এসে জরিমানা গুণতে হয় পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক সচিব ও পুলিশ সুপার পদ মর্যাদার এক ‍কর্মকর্তাকে।

মঙ্গলবার হেয়ার রোডে ও বিজয় সরণি মোড়ে উল্টোপথে গাড়ি নিয়ে আসায় একজন জ্যেষ্ঠ সচিব, একজন পুলিশ কর্মকর্তা ও এক সেনা কর্মকর্তাকে জরিমানা করা হয়।

মঙ্গলবারের এই দুটি স্থানে বুধবার অভিযান চালিয়েও সচিব কিংবা ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাউকে ট্রাফিক আইন ভঙ্গের জন্য আটকানো যায়নি।

বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হেয়ার রোডে থেকে দেখা যায়, রাষ্ট্রীয় অতিথি ভবনের পদ্মার সামনে পুলিশ রেকার নিয়ে অবস্থান করছে। দুই পাশে যানজট থাকালেও উল্টোপথে কোনো গাড়ি আসছে না।

Image
উল্টোপথে এমন গাড়ি দেখা যায়নি বুধবার

উল্টোপথে এমন গাড়ি দেখা যায়নি বুধবার

হেয়ার রোডে কর্তব্যরত পুলিশ পরিদর্শক (ট্রাফিক) আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাষ্ট্রপতির মুভমেন্ট আছে, তাই যানজট।”

সন্ধ্যা সোয়া ৬টার দিকে হেয়ার রোডের দক্ষিণ দিকে যাওয়ার অংশে কোনো যানজট ছিল না। কিন্তু তবুও কোনো গাড়ি আসছিল না উল্টোপথে।

তবে সন্ধ্যা ৭টা পর্যন্ত পাঁচটি মোটর সাইকেল উল্টোপথে আসায় চালককে জরিমানা করে পুলিশ।

এদিকে বিজয় সরণিতে বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত অভিযান চালানো হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ডিএমপির ট্রাফিক (পশ্চিম) বিভাগের সহকারী কমিশনার (শেরে বাংলা) শহিদুল ইসলাম।

তিনি বলেন, “আজ (বুধবার) কোনো ভিআইপি গাড়ি উল্টোপথে আসেনি। দুটি প্রাইভেটকারে করে সাধারণ মানুষ এসেছিল, তাদের প্রায়োজনীয়তা পুলিশকে বোঝানোর কারণে ছেড়ে দেওয়া হয়।”

তবে উল্টোপথে আসায় ২৫টি মোটর সাইকেলের চালককে জরিমানা করা হয় বলে তিনি জানান।

এই ধরনের অভিযান নিয়মিত চালানো হবে জানিয়ে পুলিশ কর্মকর্তা শহিদুল বলেন, “এভাবে চালালে আর কোনো গাড়ি উল্টোপথে আসবে না বলে বিশ্বাস করি।”

পুরনো খবর:

উল্টোপথে গাড়ি: জ্যেষ্ঠ সচিবের সঙ্গে সেনা ও পুলিশ কর্তাও ধরা
উল্টোপথে গাড়ি: চালককে বলি, রা নেই সচিবের