২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুমন পদ্ধতিতে শেখার বিদ্যালয় উদ্বোধন

শিশুদের জন্য সহজে গণিত ও ইংরেজি শিক্ষার জাপানি ‘কুমন’ পদ্ধতি বাংলাদেশে চালু করতে ব্র্যাকের উদ্যোগে ঢাকায় একটি বিদ্যালয়ের যাত্রা শুরু হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 07:42 PM

Updated : 11 Oct 2022, 02:35 PM

পুরনো খবর:

বাংলাদেশে চালু হল সহজে শেখার জাপানি পদ্ধতি ‘কুমন’

মঙ্গলবার ধানমণ্ডির ১৪ নম্বর সড়কের একটি বাড়িতে স্কুলটি উদ্বোধন করেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।

পৃথিবীর ৫০টি দেশে চালু কুমন পদ্ধতি বাংলাদেশে প্রবর্তনে জাপানের কুমন ইনস্টিটিউট অব এডুকেশনের সঙ্গে সম্প্রতি চুক্তি করে ব্র্যাক।

বিদ্যালয়ের উদ্বোধন অনুষ্ঠানে তিনি বলেন, “আমার অনেক আত্মীয় স্বজন যারা আমেরিকা-কানাডায় থাকে, তারা সন্তানরা কুমন পদ্ধতিতে শিক্ষার সুযোগ পায়। সে কারণে আমি কুমন পদ্ধতি সম্পর্কে জানি।

“আমি ভাবতাম, একদিন বাংলাদেশেও কুমন পদ্ধতি চালু করব। সেই ভাবনার পূর্ণতা পেয়েছে আজকে এই স্কুল প্রতিষ্ঠার মাধ্যমে। অন্যান্য দেশের শিক্ষার্থীদের মতো আমাদের দেশের শিক্ষার্থীরা এই সুযোগ পাবে।”

অনুষ্ঠানে জানানো হয়, ১৯৫৮ সালে জাপানের স্কুলশিক্ষক তরু কুমন তার ছেলে তাকেশি কুমনকে সহজে গণিত শেখানোর জন্য এই পদ্ধতি উদ্ভাবন করেন। পরে এই পদ্ধতি বিভিন্ন দেশে সমাদৃত হয়।

এতে কারিকুলামের সঙ্গে মিলিয়ে নির্দিষ্ট শিটের মাধ্যমে সহজে শিক্ষার্থীদের পাঠদান করা হয়ে থাকে। এর মাধ্যমে পাঠদানের সময় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা সম্ভব হয়।

বাংলাদেশের গরিব শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের শিক্ষা দেওয়ার চিন্তা থেকে ব্র্যাক কাজ করে যাচ্ছে বলে জানান আবেদ।

তিনি বলেন, “আমি চাই, বাংলাদেশের অধিক সংখ্যক শিক্ষার্থীকে অভিভাবকরা কুমন স্কুলে পাঠাবেন, যাতে তারা নিজেদের যোগ্য করে গড়ে তোলে। একুশের শতকের অর্থনীতিকে বিকশিত করে এবং পৃথিবী পরিবর্তনের পথে নিজেদের তৈরি করতে পারে।”

২০২১ সালের মধ্যে ঢাকাসহ সারাদেশের বড় শহরগুলোতে ২০টি কুমন পদ্ধতির বিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানান তিনি।

অনুষ্ঠানে কুমন’র এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের প্রেসিডেন্ট আতসুশি ইয়ামাদা বলেন, পড়তে শিক্ষার্থীদের অনেক সমস্যা মোকাবেলা করতে হয়। এজন্য তাদের মনোযোগ ধরে রাখাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। কুমন পদ্ধতি পাঠের ভীতি কাটাতে সহায়তা করে।

তিনি বলেন, প্রত্যেক শিক্ষার্থীর শেখার যোগ্যতা সমান না হলেও কুমন তাদের সবার জন্য একটি মানের শিক্ষা দান করে থাকে। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফুর্তভাবে পাঠে আগ্রহী হয়ে উঠতে পারে।

৫০টি দেশের প্রায় ৪৩ লাখ শিক্ষার্থী এই পদ্ধতিতে পড়ে থাকে বলে জানান ইয়ামাদা।

বিদ্যালয় উদ্বোধনের অনুষ্ঠানে ব্র্যাকের ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজের পরিচালক সৈয়দা সারওয়াত আবেদ, জাপানের রিকো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কিয়োশি কাশাহারা, জাপান দূতাবাসের তাকেশি ইতো, ব্র্যাক-কুমন প্রকল্পের প্রকল্প ইনচার্জ নেহাল বিন হাসান, ব্যাংককে কুমন পদ্ধতিতে পড়ুয়া শিশুর অভিভাবক সুনিদা উইতাকারান বক্তব্য দেন।