২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন কোনো বই লিখছি না: জেনারেল মইন

আলোচিত সেনাপ্রধান মইন উ আহমেদ নতুন একটি বই লিখে প্রকাশ করতে যাচ্ছেন বলে যে খবর ছড়িয়েছে, তা উড়িয়ে দিয়েছেন তিনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2017, 12:03 AM

Updated : 19 Aug 2022, 05:41 PM

সোমবার ঢাকা থেকে টেলিফোনে যোগাযোগ করা হলে যুক্তরাষ্ট্রে থাকা মইন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটা সত্য নয়। এটা ফেইক নিউজ। মনগড়া গল্প রচনা করা হয়েছে।”

ফ্লোরিডায় অবস্থানরত বাংলাদেশের সাবেক এই সেনাপ্রধান নতুন বই লিখে তা প্রকাশের দায়িত্ব পেঙ্গুইনকে দিয়েছেন বলে কয়েকটি অনলাইন সংবাদপত্রে খবর আসে।

বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূ্র্ণ একটি সময়ে সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন মইন। ২০০৯ সালে অবসর নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। ক্যান্সার ধরা পড়ার পর তার চিকিৎসা নিচ্ছেন তিনি এখন।

২০০৯ সালে মইন আহমেদের লেখা একটি স্মৃতিকথা প্রকাশিত হয়, যার শিরোনাম ‘শান্তির স্বপ্নে’। ওই বইয়ে তিনি ২০০৭ সালে জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট, তা ভূমিকা বর্ণনা করেছিলেন।

অবসরপ্রাপ্ত এই জেনারেল বলেন, “পাঠকের কাছে ব্যাপকভাবে সমাদৃত হওয়ায় সারাবিশ্বের পাঠকদের অনুরোধে আমি শান্তির স্বপ্নে গ্রন্থের ইংরেজি অনুবাদ করেছি। তবে এখনও তা ছাপতে দিইনি। প্রকাশিত সংবাদে যে তথ্য পরিবেশন করা হয়েছে, তা আদৌ সত্য নয়।”