২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালের ‘লারকে’ অভিযানে যাবে বাংলার তরুণদল

নেপালের মানাসলু হিমালয় অঞ্চলে ২০ হাজার ৫০০ ফুট উঁচু ‘লারকে’ পবর্তচূড়ায় জয়ের অভিযানে যাচ্ছে বাংলাদেশের ছয় তরুণ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2017, 03:11 PM

Updated : 11 Oct 2022, 02:34 PM

দুইবারের এভারেস্ট জয়ী এম এ মুহিতের নেতৃত্বে আগামী ৩ অক্টোবর এই আরোহী দলটি নেপালের উদ্দেশে ঢাকা ছাড়বে বলে শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে জানানো হয়।

এ পর্বতারোহী দলের বাকি পাঁচ অভিযাত্রী হলেন- নূর মোহাম্মদ, বাহলুল মজনু, শায়লা পারভীন, ইকরামুল হাসান ও রিয়াসাদ সানভী।

এদের মধ্যে নূর মোহাম্মদ ও বাহালুল পাঁচটি করে এবং শায়লা ও ইকরামুল একটি ছয় হাজার মিটার পর্বতে আরোহন করেছেন বলে জানায় বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব, যারা ‘লারকে’ পর্বতচূড়ায় যাওয়ার অভিযানটিও পরিচালনা করছে।

সংবাদ সম্মেলনে পর্বর্তারোহনের পরিকল্পনা তুলে ধরে এম এ মুহিত বলেন, “মূল অভিযানে আমাদের ২১ থেকে ২২ দিন সময় লাগবে। এটি একটি কঠিন অভিযান এবং দলের সবার জন্য একটি চ্যালেঞ্জ।

“এই দলে যারা আছেন, তারা সবাই মানসিক ও শারীরিকভাবে শক্তিশালী। এমন অভিযানে যেতে শারীরিক ফিটনেসের একটি ব্যাপার আছে। এবার যারা অভিযানে যাচ্ছি, তারা সবাই গত এক বছর ধরে নিয়মিত শরীর চর্চায় ফিটনেস ঠিক রাখার চেষ্টা করেছি।”

অভিযান দলকে সফলতার সঙ্গে পর্বতারোহন শেষে দেশে ফেরার শুভকামনা জানান সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান।

তিনি বলেন, এই অভিযানে বাংলাদেশের তরুণদের শিখার আছে। এটাকে আরেকটি স্পোর্টস হিসেবে দেখা যেতে পারে। এই আরোহনের বড় একটি দিক হল মানসিক দৃঢ়তা, এর মাধ্যমে মানুষের মধ্যে মানসিক দৃঢ়তা বৃদ্ধি পাবে। এই শিক্ষা আমাদের জাতীয় জীবনের প্রতিটা ক্ষেত্রে প্রয়োজন পড়তে পারে।

অর্থনীতিবিদ হোসেন জিল্লুর বলেন, “আমরা যে বাংলাদেশকে নিয়ে এগুবার চেষ্টা করছি, মধ্যম আয়ের স্বপ্ন দেখছি, সেই স্বপ্নের মধ্যে শুধুমাত্র কিছু অর্থনীতি সূচক ও অবকাঠামোর সূচক চিন্তা না করে এই চিন্তাও করছি যে, মধ্যম আয় বা উন্নত বাংলাদেশ যখন হব, সেই বাংলাদেশের চেহারা আসলে কেমন হবে?

“এর মধ্যে বাড়তি কিছু জিনিস চিন্তা করি, যেমন সমাজের মূল্যবোধের বিষয় থাকবে, যার মধ্যে ‘হেলদি বাংলাদেশ’ বলে উদ্যোগ নিয়েছি। আমি ফিট, তাহলে দেশ ফিট হবে।”

এই পর্বতচূড়া অভিযানে যৌথভাবে এমএন ইস্পাহানি লিমিটেড, এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড, আজিম গ্রুপ ও আরলা ফুডস বাংলাদেশ লিমিটেড সহযোগিতা করছে।

এছাড়া অভিযান দলকে ৫০ শতাংশ ছাড়ে ঢাকা-কাঠমাণ্ডু ফ্লাইটের টিকেটে দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড।