বাসের ধাক্কায় রিকশাচালক নিহত, আগুন দিল জনতা
রাজধানীতে একটি বাসের ধাক্কায় এক রিকশাচালক নিহত হলে বাসটিতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে বাংলা মোটর মোড়ে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
রমনা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (ট্রাফিক) মো. আলাউদ্দীন বলেন, সায়দাবাদ-গাবতলী রুটের ৮ নম্বর বাসটি শাহবাগ থেকে ফার্মগেইটের দিকে যাওয়ার পথে এঘটনা ঘটে।
“ঘটনাস্থলেই রিক্সাচালকের মৃত্যু হয় এবং রিকশাযাত্রী গুরুতর আহত হয়েছেন। ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে দমকল বাহিনী এসে আগুন নিয়স্ত্রণ আনে।”
হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি জানিয়ে পুলিশ কর্মকর্তা বলেণ, আহত ওই ব্যক্তিকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক বলেন, বাংলামোটরে একটি গণ্ডগোল থেকে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট যায়।
আগুনে বাসের দুটি আসন পুড়েছে বলে জানান শাহবাগ থানার ওসি আবুল হাসান।
