রোহিঙ্গা শরণার্থীদের তথ্য জানাতে কক্সবাজারে মিডিয়া সেন্টার
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক সহায়তা সংক্রান্ত তথ্য ‘যথাযথভাবে প্রচারের জন্য’ কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া সেন্টার করবে সরকার।
এই মিডিয়া সেন্টার থেকে প্রতিদিন বিকেলে কক্সবাজারের জেলা প্রশাসক এবং শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরসি) সংবাদ সম্মেলন করে ত্রাণ কার্যক্রমের বিষয়ে হালনাগাদ তথ্য প্রকাশ করবেন বলে এক সরকারি তথ্যবিবরণীতে জানানো হয়েছে।
সেখানে বলা হয়, বুধবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে এক জরুরি সভায় মিডিয়া সেন্টার স্থাপনের এই সিদ্ধান্ত হয়।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আশরাফুল আলম জানান, শেখ হাসিনা নিউ ইয়র্ক থেকে সব সময়ই মিয়ানমার শরণার্থীদের খোঁজ-খবর নিচ্ছেন।
তিনি জানান, উখিয়ার ১২টি অস্থায়ী রোহিঙ্গা ক্যাম্পে এক হাজার ২০০টি শৌচাগার ও নলকূপ স্থাপন করা হবে। ইতোমধ্যে ২০০ শৌচাগার ও নলকূপ স্থাপন হয়ে গেছে।
শৌচাগার ও নলকূপের ৬০ শতাংশ নারী ও শিশুদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। এই অস্থায়ী ক্যাম্পে যোগাযোগের জন্য রাস্তা নির্মাণে ৪০ কোটি টাকা বরাদ্দও দেওয়া হয়েছে।
শরণার্থীদের রান্নার জন্য কেরোসিনের চুলোর ব্যবস্থা করা হয়েছে বলেও প্রধানমন্ত্রীর প্রেস সচিব জানান।
স্বাস্থ্য পরীক্ষার জন্য ৩৪টি স্বাস্থ্য ক্যাম্প খোলা হয়েছে। আরও ৬টি স্বাস্থ্য ক্যাম্প খোলার অপেক্ষায় রয়েছে।
রোহিঙ্গাদের ত্রাণ মজুদের জন্য ১৪টি গুদাম তৈরি করা হয়েছে বলে জানান খোকন।
তথ্য অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য কর্মকর্তার নেতৃত্বে কক্সবাজারের জেলা তথ্য কর্মকর্তা মিডিয়া সেন্টার পরিচালনা করবেন। প্রয়োজনে চট্টগ্রাম জেলা তথ্য অফিস এবং লামা ও পটিয়ার তথ্য অফিস এ কাজে সহযোগিতা করবে।
“মিডিয়া সেন্টারে টেলিফোন, ইন্টারনেট, ফ্যাক্স এবং কম্পিউটারের সুবিধা থাকবে। এখান থেকে আশ্রয়কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট তথ্য প্রচারের সুবিধার্থে এ সংক্রান্ত বিষয়ে কক্সবাজার জেলা প্রশাসন সার্বিক তত্ত্বাবধান করবেন।”
