বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে দুর্নীতি মামলার রায় ২৮ সেপ্টেম্বর
আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের বিরুদ্ধে প্রায় ১০ বছর আগে করা দুর্নীতি মামলার রায় হবে আগামী ২৮ সেপ্টেম্বর।
অবৈধ সম্পদ অর্জনের এই মামলাটিতে সোমবার রায়ের দিন ঠিক করে দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক কেএম ইমরুল কায়েস।
সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৭ সালে দুর্নীতি দমন কমিশন এই মামলাটি করে। তখন অনেক রাজনীতিকের বিরুদ্ধে এই ধরনের মামলা হয়েছিল, যা রাজনৈতিক হয়রানিমূলক বলেও অভিযোগ ওঠে।
জজ আদালতের পেশকার হেলাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযোগপত্রভুক্ত ২৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণের পর রায়ের দিন ধার্য করেন বিচারক।
নাছিমের পক্ষে মামলাটিতে লড়েন কাজী নজিবুল্যাহ হিরু। আর দুর্নীতি দমন কমিশনের পক্ষে মামলা পরিচালনা করেন মোশাররফ হেসেন কাজল।
নজিবুল্যাহ হিরু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলাটি দীর্ঘদিন হাই কোর্টে আটকে ছিল।
মামলার নথিপত্র থেকে জানা যায়, জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাছিমকে ২০০৭ সালের ৯ জুলাই সম্পদ বিবরণী দাখিলের নোটিস দিয়েছিল দুদক। ১৭ জুলাই নাছিম তার মা নুর জাহান বেগমের মাধ্যমে সম্পদ বিবরণী দাখিল করেন।
দাখিল করা সম্পদ বিবরণীতে নাছিম নিজ নামে এবং তার স্ত্রী ডা. সুলতানা শামীমা চৌধুরীর নামে ২ কোটি ৭ লাখ ৬৬৮ টাকার সম্পদ অর্জন করেন বলে উল্লেখ করেন।
দুদকের অনুসন্ধানের পর দাবি করা হয়, নাছিম নিজের এবং তার স্ত্রীর ১৭ লাখ ৫৯ হাজার ৭৮ টাকা টাকার সম্পদের তথ্য গোপন করেন। এছাড়া তাদের আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পদের পরিমাণ এক কোটি ৮৩ লাখ টাকার।
২০০৭ সালের ২১ নভেম্বর রমনা থানায় নাছিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলাটি দায়ের করে দুদকের উপ-পরিচালক বেনজীর আহম্মদ।
দুদকের সহকারী পরিচালক রফিকুল ইসলাম ২০০৮ সালের ৮ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। তখন নাছিমের স্ত্রী সুলতানা শামীমাকে অব্যাহতি দেওয়া হয়।
