২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের মামলায় এসআইবিল কর্মকর্তা কারাগারে

আট কোটি টাকা আত্মসাতের মামলায় সোশ্যাল ইসলামী ব্যাংকের সাবেক ভাইস প্রেসিডেন্ট এস এম হেমায়েত উদ্দিনকে কারাগারে পাঠিয়েছেন ঢাকার একটি আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2017, 07:21 PM

Updated : 19 Aug 2022, 05:35 PM

তিন বছর আগের এই দুর্নীতির মামলায় সোমবার হেমায়েত ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক শামীম আহমাদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০১৪ সালের ২০ নভেম্বর দুদকের উপ-পরিচালক রামমোহন বসাক মেসার্স লিবার্টি এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং কোম্পানির মালিক মো. সিরাজ হোসেন খানকে ১ নম্বর এবং ব্যাংক কর্মকর্তা হেমায়েতকে ২ নম্বর আসামি করে মতিঝিল থানায় মামলাটি করেন।

মামলায় বলা হয়, আসামিরা একে অপরের সহযোগিতায় ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে সোশ্যাল ইনভেস্টমেন্ট ব্যাংকের (বর্তমানে সোশ্যাল ইসলামী ব্যাংক) প্রধান শাখা থেকে ২০০১ সালে ৬ নভেম্বর থেকে ২০০৪ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ২২টি ব্যাংক হিসাবের মাধ্যমে মোট ৬ কোটি টাকার স্থলে ৬ কোটি ২৭ লাখ টাকা অবৈধভাবে তোলেন, যা সুদ আসলে দাঁড়ায় ৮ কোট ৮৭ লাখ টাকা।

মামলার নথিপত্রে দেখা যায়, ২০১৬ সালের ১১ জুলাই মামলাটিতে একই ব্যাংকের আরও কয়েকজন কর্মকর্তাসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা পড়ে আদালতে।

দুদকের আইনজীবী আলী সালাম জানান, এ মামলায় সিরাজ হোসেন খানসহ একজন ব্যাংক কর্মকর্তা পলাতক। জামিনে রয়েছেন একই ব্যাংকের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইকবাল, সাবেক কর্মকর্তা মনিরুজ্জামান আশরাফ ও জহুরুল হায়দার।