ঢাবি ‘গ’ ইউনিটের ফল প্রকাশ সন্ধ্যায়
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘গ’ ইউনিটে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে সোমবার সন্ধ্যায়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান সন্ধ্যা ৭টায় প্রশাসনিক ভবনের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিকভাবে এই ফল প্রকাশ করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কেন্দ্রীয় ভর্তি কমিটির সমন্বয়ক অধ্যাপক হাসিবুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘গ’ ইউনিটের ফল প্রকাশের পাশাপাশি ‘চ’ ইউনিটের এমসিকিউ অংশের ফল প্রকাশ করবেন উপাচার্য।
ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের বিভিন্ন বিভাগের ১২৫০ আসনের বিপরীতে মোট ২৯ হাজার ৩১১ জন শিক্ষার্থী শুক্রবার সকালে এক ঘণ্টার ভর্তি পরীক্ষায় অংশ নেয়।
পরদিন শনিবার চারুকলা অনুষদভুক্ত ‘চ’ ইউনিটের সাধারণ জ্ঞান অংশের পরীক্ষা এমসিকিউ পরীক্ষায় ১৩৫টি আসনের বিপরীতে অংশ নেয় ১৩ হাজার ৪৭২ জন।
