তরুণদের সক্ষমতার সঠিক ব্যবহার করতে হবে: সংস্কৃতিমন্ত্রী
তরুণদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
রোববার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদের আয়োজনে নাট্যোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান।
আসাদুজ্জামান নূর বলেন, “সব মানুষের মধ্যে লুকায়িত প্রতিভা থাকে। সে প্রতিভা তথা ক্ষমতার সঠিক ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন। কেননা সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের মধ্যে মানবিকতাবোধ জাগ্রত হয়। নতুন প্রজন্মের মাঝে মানবিকতাবোধ জাগ্রত করতে না পারলে তাদের মস্তিষ্কে অন্ধকার তথা সাম্প্রদায়িকতার বীজ বুনতে পারে।”
স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষার সব স্তরে সংস্কৃতি চর্চায় সরকার আর্থিকসহ সব ধরনের সহযোগিতা দিচ্ছে বলে জানান মন্ত্রী।
এবারের নাট্যোৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আহমেদুল কবির। সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদের সভাপতি মো. সানোয়ারুল হক।
দুই দিনব্যাপী এ উৎসবের প্রথম দিন সন্ধ্যায় পরিবেশিত হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের নাটক ‘রুটস অ্যান্ড উইংস’। সোমবার সন্ধ্যা ৬টায় ওপেন স্পেস থিয়েটারের প্রযোজনায় নাটক ‘টুয়েলভ্ এংরি মেন’ মঞ্চস্থ হবে।
‘মঞ্চ হোক মুক্তির পথ’ শ্লোগান নিয়ে গত ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যসংসদের যাত্রা শুরু হয়।
