‘শিক্ষা দিবসের’ কর্মসূচিতে পাঠ্যবইয়ে সেই রচনাগুলো ফেরানোর দাবি
‘শিক্ষা দিবসের’ কর্মসূচি থেকে পাঠ্যপুস্তক ‘সাম্প্রদায়িকীকরণ’ রুখে দেওয়ার ডাক দিয়েছে ‘জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলন’ নামে একটি সংগঠন।
রোববার দুপুরে ঢাকায় শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি থেকে বক্তারা অসাম্প্রদায়িক চেতনার লেখক-সাহিত্যিকদের লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, যুব ইউনিয়ন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, পাহাড়ি ছাত্র পরিষদ ‘জাতীয় শিক্ষা সংস্কৃতি রক্ষা আন্দোলন’ ব্যানারে এই কর্মসূচি পালন করে।
উদীচীর সভাপতি অধ্যাপক সফি উদ্দীন আহমদ বলেন, “মুক্তিযুদ্ধের চেতনায় আমাদের শিক্ষা হবে বৈজ্ঞানিক শিক্ষা, অসাম্প্রদায়িক শিক্ষা কিন্তু বর্তমানে আমাদের শিক্ষা বিকৃতি করা হচ্ছে।
“একে সমাজ বদলের কথা নেই, এখানে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির কথা নেই।বরং দিন দিন আমাদের শিক্ষাকে ধর্মীয় সাম্প্রদায়িকতা দিকে ঠেলে দেওয়া হচ্ছে।”
১৯৬২ সালের শিক্ষা আন্দোলন স্মরণ করে তিনি বলেন, “সেই দিন শিক্ষা আন্দোলনে অনেক ছাত্রকে রক্ত ঝরাতে হয়েছে। আমি নিজেই দুদিন জেল খেঠেছি। সেইদিন ছাত্ররা পিছপা হয়নি। আজকে আমাদের ছাত্ররা যে অসাম্প্রায়িক আন্দোলনে এখানে সমাবেত হয়েছে, তারা কখনই পিছপা হবে না “
যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল বলেন, “মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছিলেন, সেই আওয়ামী লীগ সরকারের হাত ধরে আজকে বাংলাদেশের মাধ্যমিক পর্যায়ে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ হয়েছে।
“শুধু তাই নয়, এই সাম্প্রদায়িকীকরণের জন্য উৎসাহ জুগিয়েছে সেই শফী হুজুরে নেতৃত্বে হেফাজতে ইসলাম। এই হেফাজতে দ্বারা যারা উৎসাহিত হয়ে পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীরণের মধ্য দিয়ে দেশকে আবারও পেছনের দিকে নিয়ে যাওয়ার ষড়যন্ত্র চলছে।”
যেসব কবিতা ও লেখা পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছিল, তা আগামী বছরের পাঠ্যপুস্তক ফিরিয়ে আনার দাবি জানান তিনি।
ছাত্র ইউনিয়নের সভাপতি জি এম জিলানী শুভ বলেন, “অবিলম্বে অসাম্প্রদায়িক চেতনার লেখকদের লেখা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা না হলে ছাত্ররা রক্ত দিয়ে হলেও বাধ্য তা করবে।”
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন বলেন, “হেফাজতের প্রেসক্রিশনের মাধ্যমিক শিক্ষার পাঠ্যপুস্তক থেকে ২৭টি মতো অসাম্প্রদায়িক অমুসলিম লেখকদের লেখা বাদ দেওয়া হয়েছে। তার জন্য শিক্ষা মন্ত্রণালয়কে ভুল স্বীকার করে তা পুনরায় অন্তর্ভুক্ত করতে হবে।”
অবস্থান কর্মসূচির পর হাই কোর্টের মোড় শিক্ষা অধিকার চত্বরে ১৯৬২ সালের শিক্ষা আন্দোলেনে শহীদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে একটি বিক্ষোভ মিছিলে নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে তারা। মিছিলটি হাই কোর্ট মোড় দিয়ে জাতীয় প্রেস ক্লাবে পাশ দিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে পুলিশের বাধা পায়।
