শিক্ষা দিবসে স্বাধীনতা শিক্ষক পরিষদের মানববন্ধন
জাতীয় শিক্ষা দিবসে ঢাকায় মানববন্ধন করে শিক্ষকদের জীবনমানের উন্নয়নে বিভিন্ন দাবি তুলে ধরেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ (স্বাশিপ)।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনে জানানো হয়, দেশের ৬৪ জেলায় স্বাশিপের ব্যানারে মানববন্ধন করে এসব দাবি তুলে ধরা হয়েছে।
শিক্ষার গুণগত মান ও শিক্ষকের মর্যাদা বৃদ্ধি, বেসরকারি শিক্ষকদের বেতন বছরে পাঁচ শতাংশ হারে বৃদ্ধি, বৈশাখী ভাতা প্রদান, পূর্ণাঙ্গ উৎসব ভাতা প্রদান, নন এমপিও শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবিও এর মধ্যে রয়েছে।
সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শাহজাহান আলম সাজুর সভাপতিত্বে স্বাশিপের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ একেএম মোকছেদুর রহমান, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এ মানববন্ধনে বক্তব্য দেন।
মানববন্ধন থেকে মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা এবং জাতিগত নিধন বন্ধেরও আহ্বান জানানো হয়।
আগামী ২৪-২৫ সেপ্টেম্বর কক্সবাজারে স্বশিপের পক্ষ থেকে রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হবে বলে জানানো হয় মানববন্ধনে।
