‘বিজ্ঞানীদের দ্বন্দ্বে’ বেকায়দায় কেমিকেল মেট্রোলজি ল্যাব
‘বিজ্ঞানী সংঘ’ ব্যানারে জোটবদ্ধ বাংলাদেশ শিল্প ও গবেষণা পরিষদের (বিসিএসআইআর) একদল বিজ্ঞানীর বিরোধিতায় পাঁচ বছরেও পূর্ণ সক্ষমতায় কাজ শুরু করতে পারেনি দেশের একমাত্র কেমিকেল মেট্রোলজি (রাসায়নিক পরিমাপ সংক্রান্ত) ল্যাব।
ডেজিগনেটেড রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিকেল মেজারমেন্টস (ডিআরআইসিএম) নামে এই ল্যাবের প্রকল্প পরিচালক ও প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মালা খান বলছেন, ২০১২ সালের ১০ জুন ল্যাবটি প্রতিষ্ঠার পর থেকেই নানাভাবে এর কার্যক্রম বন্ধের চেষ্টা করছে ‘বিজ্ঞানী সংঘ’।
“তাদের মামলার কারণে ল্যাবের ৮০ জন বৈজ্ঞানিক কর্মকর্তার জায়গায় মাত্র ১১ জন নিয়োগ করা হয়। কিছু দিন আগে তাদের তিনজন চলে গেছেন। এভাবে তো খুঁড়িয়ে খুঁড়িয়ে একটি মেট্রোলজি ল্যাব চালানো যায় না।”
২০১২ সালেই ল্যাবে বৈজ্ঞানিক কর্মকর্তাসহ অন্যান্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের পর তাতে আপত্তি তোলে বিজ্ঞানী সংঘ। এক্ষেত্রে বিসিএসআইআর’র চাকরি নীতিমালা লংঘন এবং পরিচালকের উচ্চতর ডিগ্রির সনদ জালিয়াতিসহ কয়েকটি অভিযোগ তুলে তারা মামলা দায়ের করে। এতে আটকে যায় প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ও অন্যান্য বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ প্রক্রিয়া।
তিনি বলেন, “বিসিএসআইআর’র অন্যান্য ল্যাবের কর্মকর্তারা তখন চাইছিলেন, তাদের পদোন্নতি দিয়ে এই ল্যাবের বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হোক। কিন্তু বিশেষায়িত ল্যাবটির জন্য এ সেক্টরে অভিজ্ঞ লোকটিকে আমরা চাইছি- তা তারা মানতে চান না।”
চার বছর পর ২০১৬ সালে মামলার রায়ে নিয়োগ প্রক্রিয়ার বাধা সরলে নতুন করে উদ্যোগ নেয় বিসিএসআইআর। আদালতের আদেশ অনুযায়ী নিয়োগের যোগ্যতা শর্তসম্বলিত পদ সৃজন সংক্রান্ত প্রস্তাব বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগে পাঠানো হয়।
অর্থ বিভাগের একাধিক অনুবিভাগ নানা পরীক্ষা-নিরীক্ষার পর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সভায় সুপারিশ করা হয়। পরে সে প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুমোদন করেন।
তখন নিয়োগ আটকাতে উচ্চ আদালতে রিট আবেদন করে বিফল হওয়ার পর জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠায় বিজ্ঞানী সংঘ। তাদের চিঠির প্রেক্ষাপটে ২০১৬ সালের ৪ মে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব নাছিমা আকতার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিবকে এক চিঠিতে এই বিষয়ে পূর্ণাঙ্গ ব্যাখ্যা চান।
এরপর বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়টি নিয়ে অনুসন্ধান চালায়, যাতে বিজ্ঞানী সংঘের বিধিবহিভূর্তভাবে মিথ্যা তথ্য উপস্থাপন করে কেমিকেল মেট্রোলজি ল্যাবের নিয়োগ প্রক্রিয়া বন্ধের উদ্যোগের তথ্য বেরিয়ে আসে।
এই দুজনকে ঢাকার বিসিএসআইআরের প্রধান কার্যালয় থেকে বদলি করে বিচার বিভাগীয় তদন্তের আদেশ দেয় মন্ত্রণালয়।
এসবের সুরাহা হওয়ার পর গত ৩১ অগাস্ট ল্যাবের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগ পদে নিয়োগ পান মালা খান।
এখন ল্যাবের কার্যক্রম ব্যাহত করতে বিজ্ঞানী সংঘ ফের ‘মিথ্যা’ প্রচার চালাচ্ছে অভিযোগ করে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দেশি সেবাগ্রহীতা প্রতিষ্ঠানগুলোকে ডিআরআইসিএমে আসতে বাধা দিচ্ছেন তারা। তাদের কারণে বিদেশি সেবাগ্রহীতা প্রতিষ্ঠানগুলোর সংখ্যাও কমতে শুরু করেছে।
এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি বিজ্ঞানী সংঘের সভাপতি মোহাম্মদ মোস্তফা ও সাধারণ সম্পাদক আবু তারেক মো. আব্দুল্লাহ।
এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি বিসিএসআইআর’র চেয়ারম্যান ফারুক আহমেদও
“পুরো বিষয়টি এখন মন্ত্রণালয় তদারকি করছে। এ বিষয়ে কোনো মন্তব্য করব না,” বলেন তিনি।
প্রতিষ্ঠার পর থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করেছে ডিআরআইসিএম। স্বীকৃতি হিসেবে পরিমাপ বিজ্ঞান সংক্রান্ত বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক সংস্থা বিআইপিএমের সদস্যপদ পেয়েছে তারা।
শিশুখাদ্যে বিষাক্ত মেলামাইনের উপস্থিতি নিরূপণ, চট্টগ্রাম বন্দরে তেলের ড্রামে কোকেনের উপস্থিতি নিশ্চিতকরণ এবং গুলশান হামলার আগে জঙ্গিরা কোনো মাদক সেবন করেছিল কি না তার পরীক্ষা হয় এই ল্যাবে।
দশটি সেবা প্যাকেজ রয়েছে বিশেষায়িত ল্যাব ডিআরআইসিএমের। এগুলোর মধ্যে মেট্রোলজিক্যাল ট্রেসেবিলিটিসহ রেফারেন্স ভ্যালু প্রদান, স্ট্যান্ডার্ড রেফারেন্স ম্যাটেরিয়ালস, রেফারেন্স রাসায়নকি পরিমাপক সেবা, প্রোফিশিয়েন্সি টেস্টিং-ইন্টার ল্যাবরেটরি কমপ্যারিজন সেবা, ওষুধ ও খাদ্যপণ্যের টেস্টিং সেবা, ইনস্ট্রুমেন্টেশন ও কেলিব্রেশন সেবা ইত্যাদি। ওষুধ শিল্পের জন্য এপিআই এনালাইসিস, বায়োইকুইভ্যালেন্স এবং ভেষজ গতিবিদ্যার এনালাইসিস সেবাও দেয় তারা।
