২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারকে চাপ দিতে ফ্রান্সের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি

বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সরকারের ওপর চাপ সৃষ্টিতে ফ্রান্সের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Sep 2017, 07:15 PM

Updated : 19 Aug 2022, 05:34 PM

বৃহস্পতিবার বিকালে ঢাকায় নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফি অবার্ট বঙ্গভবনে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে আবদুল হামিদ এ আহ্বান জানান।

বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, “বৈঠকে রাষ্ট্রপতি বলেছেন, বাংলাদেশ জনবহুল দেশ হওয়ার পরেও শুধুমাত্র মানবিক বিবেচনায় রোহিঙ্গা মুসলিমদের আশ্রয় দিয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নিতে রাষ্ট্রপতি এসময় মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে ফ্রান্সের সহযোগিতা চান।”

মিয়ানমারে সহিংসতার মুখে গত ২৫ অগাস্ট থেকে এ পর্যন্ত প্রায় ৪ লাখ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেওয়ায় এই চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সরকার ও শরণার্থী সংস্থাগুলো।

প্রেস সচিব জানান, বিদায়ী ফরাসি দূতের সাথে আলোচনায় রাষ্ট্রপতি বাংলাদেশ ও ফ্রান্সের দ্বিপক্ষীয় চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে আশা করেন, দ্বিপক্ষীয় বাণিজ্য-বিনিয়োগ সম্পর্ক সামনের দিনে আরও শক্তিশালী হবে।

বিদায়ী দূতকে বাংলাদেশে তার দায়িত্ব সাফল্যের সাথে শেষ করার জন্য রাষ্ট্রপতি তাকে অভিনন্দন জানান।

রাষ্ট্রপতি ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহযোগিতার জন্য এবং স্বাধীনতার পর ১৯৭২ সালের ১৪ ফেব্রুয়ারি স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ায় ফরাসি সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান।

বিদায়ী দূত তার দায়িত্ব পালনকালে সার্বিক সহযোগিতার জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।

অবার্ট আশা করেন, তার দেশের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক ভবিষ্যতে আরও সম্প্রসারিত হবে।

বাংলাদেশে ফ্রান্সের বিনিয়োগকারীদের বিদ্যমান বিনিয়োগের কথা তুলে ধরে বিদায়ী দূত আশা করেন, ভবিষ্যতে এই বিনিয়োগ আরও বাড়বে।