রোহিঙ্গা নিয়ে সংসদে আলোচনা হচ্ছে সোমবার
চলমান রোহিঙ্গা সঙ্কট নিয়ে সোমবার সংসদে সাধারণ আলোচনা হবে।
সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি।
সংসদের সোমবারের কার্যসূচিতে আলোচনার বিষয়টি উল্লেখ করা হয়েছে।
সরকারি দলের সদস্য দীপু মনি বলেছেন, “সংসদের অভিমত এই যে মিয়ানমারের রাখাইন রাজ্যে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর অব্যাহত নির্যাতন-নিপীড়ন বন্ধ, তাদেরকে তাদের বাসভূমি থেকে বিতাড়ন করে বাংলাদেশে পুশইন করা থেকে বিরত থাকা এবং রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নিয়ে নাগরিকত্বের অধিকার দিয়ে নিরাপদে বসবাসের ব্যবস্থা গ্রহণে মিয়ানমার সরকারের উপর জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের জোরালো কূটনৈতিক চাপ প্রয়োগের আহবান জানানো হোক।”
মিয়ানমারে রোহিঙ্গাদের উপর জাতিগত নিপীড়ন চলে আসছে কয়েক দশক ধরে। বিভিন্ন সময়ে সহিংসতার মুখে সেখান থেকে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে।
তাদের ফিরিয়ে নিতে বাংলাদেশের পক্ষ থেকে বার বার আহ্বান জানানো হলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি।
গত ২৫ অগাস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে কয়েকটি পুলিশ পোস্ট ও একটি সেনা ক্যাম্পে রোহিঙ্গা বিদ্রোহীদের হামলার পর সেখানে নতুন করে সেনা অভিযান শুরু হয়।
নতুন করে সেনা অভিযান শুরুর পর এই পর্যন্ত ৩ লাখের মতো রোহিঙ্গা ইতোমধ্যে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শরণার্থীদের এই স্রোত ঠেকাতে মিয়ানমারে জাতিসংঘের মতো কোনো একটি আন্তর্জাতিক সংস্থার তত্ত্বাবধানে একাধিক নিরাপদ এলাকা (সেইফজোন) গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ।
এর আগে রোববার দশম সংসদের সপ্তদশ অধিবেশন শুরুর পর স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজী সংসদে রোহিঙ্গা প্রসঙ্গে অনির্ধারিত আলোচনা শুরু করলে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া তাকে থামিয়ে দেন।
ডেপুটি স্পিকার এই স্বতন্ত্র সংসদ সদস্যকে নোটিস নেওয়ার পরামর্শ দেন।
পরে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমদ সংসদের কার্যপ্রণালী বিধির ১৪৭ ধারায় এই বিষয়ে আলোচনার কথাও বলেন।
