২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিজার্ভ চুরির মামলায় অভিযোগপত্র পিছিয়ে ১১ অক্টোবর

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগপত্র জমা দিতে পারেনি মামলার তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2017, 01:32 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে সোমবার মামলার অভিযোগপত্র দাখিলের দিন ধার্য ছিল।

এদিন তদন্ত কর্তা সিআইডির অতিরিক্ত সুপার রায়হান উদ্দিন খান প্রতিবেদন দাখিল না করায় আগামী ১১ অক্টোবর দাখিলের নতুন দিন ঠিক করেন ঢাকার মহানগর হাকিম এ কে এম মঈনুদ্দীন সিদ্দিকী।

এ আদালতের সংশ্লিষ্ট পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই জালাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ নিয়ে প্রতিবেদন দাখিলের মোট ১৭টি ধার্য দিন পিছিয়ে গেল।

গত বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় ওই বছরের ১৫ মার্চ কেন্দ্রীয় ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা বাদী হয়ে মতিঝিল থানায় একটি মামলা করেন।

মানি লন্ডারিং প্রতিরোধ এবং তথ্য ও প্রযুক্তি আইনে অজ্ঞাত পরিচয়দের আসামি করা এ মামলা তদন্তের দায়িত্ব পাওয়া সিআইডিকে প্রতিবেদন দাখিলের জন্য গত বছরের ১৯ এপ্রিল প্রথমবারের মতো দিন ধার্য করে দিয়েছিল আদালত।

সাইবার জালিয়াতির মাধ্যমে চুরি যাওয়া ৮ কোটি ১০ লাখ ডলার রিজার্ভের অর্থ ফিলিপিন্সের রিজল ব্যাংকে যাওয়ার পর ইতোমধ্যে দেড় কোটি ডলার ফেরত এসেছে, বাকি অর্থ উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ।