২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণের ১৫ ঘণ্টার মধ্যে শিশু উদ্ধার, গ্রেপ্তার ৩

রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে অপহৃত হওয়ার ১৫ ঘণ্টার মধ্যে এক শিশুকে উদ্ধারের পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2017, 04:27 PM

Updated : 12 Apr 2022, 12:18 AM

এরা হলেন- মো. আনোয়ার হোসেন ও তার স্ত্রী অহিদা বেগম ওরফে কুট্টি ও তাদের পালক পুত্র শাহিন।

আড়াই বছর বয়সী হাসিবকে রোববার ভোরে নারায়ণগঞ্জের একটি বাসা থেকে উদ্ধার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মো. ইব্রাহীম খান জানিয়েছেন।

সকালে ডিএমপির গণমাধ্যম কার‌্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সকাল সাড়ে ১১টায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসিবকে অপহরণ করে তার পরিবারের কাছে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে গ্রেপ্তারকৃতরা।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তা স্বীকারও করেছে। 

পুলিশ কর্মকর্তা ইব্রাহীম খান বলেন, হাসিবের মা হাসিনা বেগম তার মেয়ে লামিয়া (১১) ও হাসিবকে নিয়ে শনিবার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। সেখানে দুই শিশুকে বহির্বিভাগের সিঁড়ির কাছে রেখে ওষুধ কিনতে গেলে পূর্ব পরিচিত সিএনজি অটোরিকশাচালক আনোয়ার হোসেন হাসিবকে নিয়ে যান। এরপর কয়েকটি মোবাইল নম্বর থেকে হাসিনাকে ফোন করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।

সিঙ্গাপুর প্রবাসী হাসিবের বাবা সৃজন শেখ দেড় বছর আগে সর্বশেষ ঢাকায় এসেছিলেন।

সংবাদ সম্মেলনে পুলিশের গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার মো.ইউসুফ আলীসহ ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।