২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আস্তানায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

ইসলামী দেশগুলোর শীর্ষ সংগঠন ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তানের রাজধানী আস্তানায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

সাজিদুল হক

আস্তানা, কাজাখস্তান থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 10:01 PM

Updated : 11 Oct 2022, 02:30 PM

শনিবার স্থানীয় সময় রাত ৮টা ২৫ মিনিটে রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ভিভিআইপি ফ্লাইটটি আস্তানার নূর সুলতান নাজারবায়েভ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান কাজাখস্তানের জাস্টিস মিনিস্টার মারাত বেকেতায়েভ এবং আস্তানার ফার্স্ট ডেপুটি মেয়র সেরজি মিখাইলোভিচ। কাজাখস্তানে বাংলাদেশের দায়িত্বপ্রাপ্ত রাষ্ট্রদূত  মসুদ মান্নানও এ সময় উপস্থিত ছিলেন।

আস্তানার উদ্দেশ্যে বিকাল পৌনে ৩টায় রাষ্ট্রপতি ঢাকা ছাড়েন।

মুসলিম বিশ্বে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের আধুনিকায়নে বাস্তবমুখী উদ্যোগের প্রত্যাশায় এই সম্মেলন আয়োজন করেছে ওআইসি। দুই দিনব্যাপী সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড মর্ডানাইজেশন অব ইসলামিক ওয়ার্ল্ড’।

Image
ছবি-পিআইডি

ছবি-পিআইডি

আস্তানার প্যালেস অব ইনডিপেন্ডেন্সে অনুষ্ঠেয় এই সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর বাইরে একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

রাষ্ট্রপতির কার্যালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই সফরে রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

ওআইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত দেশগুলোর সঙ্গে ও মুসলিম বিশ্বের মধ্যকার পার্থক্য দূর করতে ভূমিকা রাখবে এই সম্মেলন। একই সঙ্গে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতির নীতিকে আরও শক্তিশালী করবে।

সম্মেলন শেষে ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।