২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারী কর্মীর সঙ্গে যৌনক্রিয়ার ভিডিও ইন্টারনেটে, মালিক গ্রেপ্তার 

রাজধানীর মোহাম্মদপুরে নিজ প্রতিষ্ঠানের এক নারী কর্মীকে যৌন ক্রিয়ায় বাধ্য করে তার ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Sep 2017, 08:35 PM

Updated : 19 Aug 2022, 05:31 PM

মজিবর রহমান ভূইয়া (৫০) নামে ওই ব্যক্তি আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির নিজ বাড়িতে সমাধান এন্টারপ্রাইজ নামে একটি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান গড়ে তোলেন। অভিযোগকারী ১৯ বছর বয়সী তরুণীটি সেখানেই কাজ করতেন।

গত রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তারের পর তার বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭(২) ও পর্নোগ্রাফি আইনের ৮(১) ধারায় মামলা করা হয়েছে বলে আদাবর থানার এসআই মশিউর রহমান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত বছরেরে মাঝামাঝি সময়ে ওই তরুণীকে নানাভাবে ভয়ভীতি দেখিয়ে শারীরিক সম্পর্ক গড়ে তোলে গোপনে ধারণ করা তার ভিডিও মজিবর ইন্টারনেটে ছড়িয়ে দেয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

“শুক্রবার রাতে ওই তরুণী থানায় এসে অভিযোগ করলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে মজিবরকে তার বাসা থেকে গ্রেপ্তার করে।”

শনিবার তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হলে বিচারক সাদবীর ইয়াসির আহসান চৌধুরী রোববার তার জামিনের আবেদন শুনানির দিন ঠিক করে তাকে কারাগারে পাঠিয়ে দেন।

সংশ্লিষ্ট আদালতে পুলিশের এসআই নিজামউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের রিমান্ডের আবেদন করেনি। তবে আসামির পক্ষে জামিনের আবেদন ছিল।