২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওআইসির সম্মেলনে যোগ দিতে শনিবার কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি

মুসলিম দেশগুলোর জোট ওআইসির প্রথম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্মেলনে যোগ দিতে কাজাখস্তান যাচ্ছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Sep 2017, 05:02 PM

Updated : 12 Apr 2022, 12:17 AM

আগামী ৯ সেপ্টেম্বর বিকালে বাংলাদেশ বিমানের একটি ভিভিআইপি ফ্লাইটে রাষ্ট্রপতি কাজাখস্তানের রাজধানী আস্তানার উদ্দেশে রওনা হবেন বলে জানিয়েছেন রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন।

প্রেস সচিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওআইসি আশা করছে, প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য এই সম্মেলনে ওআইসির ২০ টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা অংশ নেবেন।”

দুদিনব্যাপী এই সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘সায়েন্স, টেকনোলজি, ইনোভেশন অ্যান্ড মর্ডানাইজেশন অব ইসলামিক ওয়ার্ল্ড’।

আস্তানার ‘প্যালেস অব ইনডিপেন্ডেন্স’ এ অনুষ্ঠেয় এই সম্মেলনে বক্তব্য রাখবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এর বাইরে একাধিক রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে আবদুল হামিদের সাক্ষাতের কথা রয়েছে।

রাষ্ট্রপতির নেতৃত্বে প্রতিনিধি দলে বঙ্গভবন, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা থাকবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এই সম্মেলনে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আলোচনার পর ১০ বছর মেয়াদী কর্মপরিকল্পনা ‘ওআইসি এসটিআই এজেন্ডা-২০২৬’ ঘোষণা করা হবে।

ওআইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ওআইসি আশা করছে, অনুষ্ঠেয় এই সম্মেলনের মাধ্যমে বিজ্ঞান ও প্রযুক্তি খাতের আধুনিকায়নে মুসলিম উম্মাহর বাস্তবমুখী ভূমিকার সূচনা করবে।

ওআইসি আরও আশা করছে, এই সম্মেলন বিজ্ঞান ও প্রযুক্তি খাতে উন্নত দেশগুলোর সঙ্গে ও মুসলিম বিশ্বের মধ্যকার পার্থক্য দূর করতে ভূমিকা রাখবে। একই সঙ্গে ওআইসি সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সংহতির নীতিকে আরও শক্তিশালী করবে।

প্রেস সচিব জয়নাল আবেদীন জানান, সম্মেলন শেষে ১২ সেপ্টেম্বর রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।