প্রধানমন্ত্রীর সঙ্গে বিমসটেকের বিদায়ী মহাসচিবের সাক্ষাৎ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন কারিগরী ও অর্থনৈতিক ক্ষেত্রের সহযোগিতায় বঙ্গোপসাগর উপকূলবর্তী দেশগুলোর সংগঠন বিমসটেকের বিদায়ী মহাসচিব মহাসচিব সুমিত নাকানডালা।
বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন তিনি।
বিমসটেকের প্রথম মহাসচিব হিসেবে তিন বছর দায়িত্ব পালন করে আসা শ্রীলঙ্কার কূটনীতিক নাকানডালা চলতি বছরের ১০ অগাস্ট তার মেয়াদ পূর্ণ করেছেন।
বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীদের পঞ্চদশ বৈঠকে সংস্থাটির নতুন মহাসচিব হিসেবে ইতোমধ্যে বাংলাদেশের কূটনীতিক মো. শহীদুল ইসলামের নিয়োগ চূড়ান্ত হয়েছে।
বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বিসমটেকের বিদায়ী মহাসচিবের সাক্ষাতের প্রসঙ্গে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, বাংলাদেশে অবস্থানকালে সরকারের পক্ষ থেকে পাওয়া সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সুমিত নাকানডালা।
কৃষিতে উন্নয়নের জন্য মন্ত্রী পর্যায়ের বৈঠকের ওপর গুরুত্বারোপ করেন বিদায়ী মহাসচিব।
সাক্ষাৎকালে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে বাংলাদেশে চলে আসা সেদেশের নাগরিকদের বিষয়েও আলোচনা হয়।
মিয়ানমারে জাতিগত নিপীড়নের মুখে পালিয়ে এসে পাঁচ লাখের বেশি মানুষ গত কয়েক দশক ধরে বাংলাদেশে আশ্রয় নিয়ে আছে। বাংলাদেশ তাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে এলেও মিয়ানমার তাতে সাড়া দেয়নি। বাংলাদেশে আশ্রয় নেওয়াদের নাগরিক হিসেবেও মেনে নিতে নারাজ মিয়ানমার।
গত ২৪ অগাস্ট রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির হামলার পর সীমান্তে নতুন করে মিয়ানমার নাগরিক এই রোহিঙ্গাদের ঢল নামে।
ইহসানুল করিম বলেন, “প্রধানমন্ত্রী বলেছেন, ‘এই হামলা আমরা সমর্থন করি না। তবে যেভাবে তারা প্রতিক্রিয়া দেখাচ্ছে, তাতে আমাদের সমস্যা হচ্ছে’।”
১৯৯৭ সালে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন- বিমসটেক গঠিত হয়। ব্যাংকক ঘোষণার মধ্যে দিয়ে শুরুতে বাংলাদশ-ভারত-শ্রীলঙ্কা-থাইল্যান্ড ইকোনমিক কো-অপারেশন-বিসটেক নামে যাত্রা শুরু করলেও পরে মিয়ানমার, নেপাল ও ভুটান যোগ দিলে এ জোটের নাম হয় বিমসটেক।
বিমসটেক এখন উন্নয়ন এবং অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট ১৪টি খাতের ওপর জোর দিচ্ছে।
এই খাতগুলো হচ্ছে- বাণিজ্য ও বিনিয়োগ, প্রযুক্তি, জ্বালানি, পরিবহন ও যোগাযোগ, পর্যটন, মৎস্য, কৃষি, সাংস্কৃতিক সহযোগিতা, পরিবেশ ও দুর্যোগ ব্যবস্থাপনা, জনস্বাস্থ্য, জনগণের মধ্যে যোগাযোগ, দারিদ্র্য দূরীকরণ, সন্ত্রাসবাদ ও আঞ্চলিক অপরাধ দমন, এবং জলবায়ু পরিবর্তন।
