২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোহাম্মদপুরে সড়কে পশুর রক্ত-পানি একাকার

আবর্জনা জমে নালা বন্ধ হওয়ায় রাস্তায় নোংরা পানি জমে ছিল আগে থেকেই। এর সঙ্গে কোরবানির পশুর রক্ত মিশে অসহনীয় এক পরিস্থিতি তৈরি হয়েছে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ সংলগ্ন রাস্তায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2017, 04:34 PM

Updated : 19 Aug 2022, 05:29 PM

চলাচলের অনুপযোগী আর দুর্গন্ধে রাস্তার পাশে বাঁশবাড়ি বস্তির বাসিন্দাদের অবস্থা এখন নাভিশ্বাস ওঠার মতো।    

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রায় একমাস ধরে পানিবন্দি রাস্তায় চলতে হচ্ছে তাদে। ঈদের দিন কোরবানির পশুর রক্ত পানিতে মিশে যাওয়ায় দুর্ভোগ আরও বেড়েছে।

বাঁশবাড়ি বস্তির বাসিন্দা জামাল মিয়া জানান, শিয়া মসজিদের দক্ষিণ পাশে রাস্তাটির প্রায় ৩০০ ফুট অংশে এই অবস্থা।

“বস্তিবাসীকে ওই পানি মাড়িয়েই চলতে হয়। ফলে তারা আক্রান্ত হচ্ছেন নানা রোগবালাইয়ে,” বলেন জামাল মিয়া।

পাশে নূরজাহান রোডের এক বাসিন্দা অভিযোগ করেন, জলবদ্ধতার কারণে গাবতলী, শ্যামলী থেকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ডগামী টেম্পোগুলো এই রাস্তা এড়িয়ে নূরজাহান রোডের আবাসিক এলাকায় ঢুকে পড়ছে। এতে এখানকার বাসিন্দারাও পড়েছেন ভোগান্তিতে।

 

এলাকাটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৩৩ নম্বর ওয়ার্ডভুক্ত হওয়ায় এ বিষয়ে কথা বলার জন্য স্থানীয় কাউন্সিলর তারেকুজ্জামান রাজিবকে কয়েকবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। এসএমএম করেও তার জবাব পাওয়া যায়নি।

পরে ওই এলাকার নারী কাউন্সিলর আলেয়া সরওয়ার ডেইজীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমি জানতে পেরে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগকে জানিয়েছি। এখন এই বিভাগের অনেক কর্মী ঈদের ছুটিতে। কর্তৃপক্ষ তড়িত পদক্ষেপ নেবে বলে আশ্বাস দিয়েছে।”