২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদে বন্যার্তরা যেন বঞ্চিত না থাকে: রাষ্ট্রপতি

দেশের উত্তর-পূর্ব ও উত্তর-পশ্চিমাঞ্চলের বন্যা কবলিত মানুষের মধ্যে ঈদের আনন্দ পৌঁছে দিতে সরকারের পাশাপাশি দেশের বিত্তবান ও সামর্থ্যবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

বঙ্গভবন প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2017, 12:37 PM

Updated : 11 Oct 2022, 02:29 PM

শনিবার বঙ্গভবনে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি বলেন, “এ বছর হাওর অঞ্চলে আগাম বন্যা এবং দেশের কয়েকটি অঞ্চলে সাম্প্রতিক বন্যার কারণে অনেক মানুষ ভালভাবে ঈদ করতে পারছে না। বন্যা কবলিত এলাকার মানুষ যাতে ঈদের আনন্দ থেকে থেকে বঞ্চিত না হয়, সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে।

“তাই ঈদুল আজহার পবিত্র এ দিনে আমি দেশের বিত্তবান ও সামর্থ্যবান সকলের প্রতি আহ্বান জানাচ্ছি- সরকারের পাশাপাশি আপনারও সাধ্য অনুযায়ী বন্যার্তদের পাশে দাঁড়াবেন।”

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “কোরবানীর মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে।”

মানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি হামিদ বলেন, “মানবতাই ধর্মের মূল বাণী। ধর্ম মানুষকে ন্যায়-নীতি ও কল্যাণের পথ দেখায়। মানবসেবার দিকনির্দেশনা দেয়। তাই মানবতার সেবায় আমাদের আত্মোৎসর্গ করতে হবে। আর এটাই ঈদুল আজহার শিক্ষা।”

ঈদ উপলক্ষে সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তার স্ত্রী রাশিদা খানম ও পরিবারের সদস্যরাও এ সময় উপস্থিত ছিলেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা বঙ্গভবনে এসেছিলেন রাষ্ট্রপতির সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়ে।

পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম,  মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিও রাষ্ট্রপতির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এছাড়া প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা, ডিপ্লোম্যাটিক কোরের ডিন ভ্যাটিকানের রাষ্ট্রদূত জর্জ কোচেরিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, মন্ত্রিপরিষদ সচিবসহ উচ্চ পদস্থ বেসামরিক-সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।

সংসদ সদস্য, রাজনীতিক, উচ্চ আদালতের বিচারপতি, শিক্ষাবিদ, কবি-সাহিত্যিক-শিল্পী, ব্যবসায়ী প্রতিনিধি, ধর্মীয় নেতারাও এসেছিলেন বঙ্গভবনের এই আয়োজনে।

শুভেচ্ছা বিনিময় শেষে রাষ্ট্রপতি ও তার স্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের আপ্যায়ন করেন।