ঈদে ফাঁকা ঢাকায় বিশেষ নিরাপত্তা
কোরবানির ঈদের ছুটিতে ফাঁকা হয়ে আসা ঢাকায় নাশকতা, চুরি, ডাকাতি, ছিনাতায়ের মত অপরাধ যেন বাড়তে না পারে, সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে।
র্যাব পুলিশের টহল বাড়ানোর পাশাপাশি চেকপোস্ট বাড়িয়ে চলছে তল্লাশি; বাড়ানো হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা।
কূটনৈতিক পাড়া, মন্ত্রিপাড়া, বিভিন্ন আবাসিক এলাকা ও মার্কেটগুলোতে নিজস্ব নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট ‘আনসার স্টাইকিং ফোর্স’ এবার ঈদ উপলক্ষে ঢাকা ও আশপাশের এলাকায় নিরাপত্তা দিতে নেমেছে।
ঈদ জামাতকে কেন্দ্র করে জাতীয় ঈদগাহ ময়দানে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। সারাদেশের সব ঈদগাহেই নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।
বৃহস্পতিবার জাতীয় ঈদগাহের নিরাপত্তা প্রস্তুতি ঘুরে দেখে ডিএমপি কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া জানান, ঈদ জামাতের নিরাপত্তা নিশ্চিত করতে ভেতরে-বাইরে সর্তক অবস্থায় থাকবে পুলিশ। ঈদগাহ ও আশপাশের এলাকা সিসি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি করা হবে কন্ট্রোল রুম থেকে।
পুলিশের কাউন্টার টেরোরিজম বিভাগের ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিট ঈদগাহ এলাকায় ইতোমধ্যে তল্লাশি চালিয়েছে। সোয়াটকেও রাখা হয়েছে ‘স্ট্যান্ডবাই’।
“সব সংস্থার সাথে সমন্বয় করেই আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে,” বলেন ডিএমপি কমিশনার।
ঈদ জামাতে আসা সবাইকে তিন ধাপে আর্চওয়ে ও তল্লাশির মধ্য দিয়ে ঈদগাহে প্রবেশ করতে হবে জানিয়ে তিনি বলেন, “জাতীয় ঈদগাহে প্রবেশে প্রতিটি চেকপোস্টে তল্লাশির সময় পুলিশকে সহযোগিতা করুন। জায়নামাজ ছাড়া কোন ধরনের ভ্যানিটি ব্যাগ, ব্যাগ, ট্রলি ব্যাগ বা দাহ্য পদার্থ সঙ্গে নিয়ে আসবেন না। তবে বৃষ্টি হলে ছাতা আনা যাবে।”
পুলিশ প্রধান একেএম শহীদুল হক বৃহস্পতিবার সদরঘাটের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে গিয়ে সাংবাদিকদের বলেন, ঈদ সামনে রেখে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তারা নিয়েছেন।
“ঘরমুখো মানুষের যাতে কোনো সমস্যা না হয়, সেই ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি অনেক মানুষ ঢাকাসহ অন্যান্য বড় শহর ছেড়ে গ্রামের বাড়িতে যাচ্ছেন। যারা থাকবেন তাদের এবং ফাঁকা শহরে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পুলিশের রমনা বিভাগের উপ-কমিশনার মো. মারুফ হোসেন সরদার বলেন, ফাঁকা ঢাকায় নিরাপত্তার জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশের পাশাপাশি রিজার্ভ পুলিশের সংখ্যাও বাড়ানো হয়েছে।
র্যাবের পক্ষ থেকেও বাড়তি নিরাপত্তার আয়োজন হয়েছে বলে জানিয়েছেন এ বাহিনীর পরিচালক (আইন ও গণমাধ্যম) মুফতি মাহমুদ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ঢাকা ও চট্টগ্রাম থেকে মানুষ গ্রামের বাড়িতে বেশি যায়। তাই এ দুই শহরের র্যাবের টহল বাড়ানো হয়েছে। চেকপোস্টের পাশাপাশি আবাসিক এলাকা, মার্কেটগুলোর নিজস্ব নিরাপত্তার বাহিনীর সঙ্গে সমম্বয় করে কাজ করতে নির্দেশ দেওয়া হয়েছে।”
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিশেষায়িত ইউনিট আনসার স্টাইকিং ফোর্সের সদস্যরা ঈদ ঘিরে মোট পাঁচদিন ঢাকা ও আশপাশের এলাকায় দায়িত্ব পালন করবে বলে জানিয়েছেন ফোর্সের ডেপুটি কমান্ডার মো. শেফাউল হোসেন।
হলি আর্টিজানে হামলার পর আনসারের সব ব্যাটালিয়ন থেকে বাছাই করা সদস্যদের নিয়ে গঠিত এই বাহিনী নিয়মিতভাবে কূটনৈতিক এলাকায় দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিভিন্ন সময়ে সরকারের সিদ্ধান্তে তাদের মোতায়েন করা হয়।
এবার ঈদে এই ইউনিটের অর্ধেক সদস্যকে মাঠে নামানো হয়েছে; পাশাপাশি আনসারের তিনটি ‘কুইক রেসপন্স টিম’ কাজ করছে বলে শেফাউল জানান।
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী বাস টার্মিনাল, সদরঘাট লঞ্চঘাট, গাবতলী পশুর হাটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আনসারের এই বিশেষায়িত ইউনিট কাজ করছে।
কোনো ধরনের হুমকি আছে কিনা জানতে চাইলে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বুধবার জাতীয় ঈদগাহে সাংবাদিকদের বলেন, “কোনো থ্রেট নির্দিষ্টভাবে উল্লেখ না আমরা বলতে চাই, যে কোনো ধরনের ঝুঁকি মাথায় রেখে আমরা নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি।”
