রেলস্টেশনের ছাউনি ভেঙে আহত ৬
ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্ল্যাটফরমের ছাউনি ভেঙে ছয়জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে রেল পুলিশ জানিয়েছে।
ট্রেনের ছাদে জায়গা পাওয়ার জন্য ঈদে ঘরমুখো যাত্রীদের অনেকেই আগে থেকেই প্ল্যাটফরমের ছাউনিতে অবস্থান নিয়েছিলেন।
স্টেশনে দায়িত্বরত রেল পুলিশের উপ-পরিদর্শক আকবর আলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পার্বতীপুর থেকে ঈদের বিশেষ ট্রেনটি স্টেশনে পৌঁছলে যাত্রীরা ছাউনি হয়ে ট্রেনে ওঠার চেষ্টা করে। এসময় ছাউনির একটি অংশ ভেঙে পড়ে ছয়জন আহত হন।”
আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান আকবর।
