২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিকালের পর ভিড় বেড়েছে সড়কপথে

লঞ্চ-ট্রেনের মতো সড়কপথেও বিকাল থেকে বেড়েছে ঈদে ঘরে ফেরা মানুষের চাপ। সকালে রাজধানীতে দূরপাল্লার বাস কাউন্টারগুলোর কর্মীদের যাত্রীর জন্য ডাকাডাকি করতে দেখা গেলেও বিকালের চিত্র ছিল উল্টো।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 06:38 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস ছিল বৃহস্পতিবার। বিকালে অফিস ছুটির পর অনেকের বাড়ির পথ ধরার চেষ্টায় ভিড় বেড়েছে বলে জানিয়েছেন বাস কাউন্টারের কর্মীরা।

বিকালে বেশি যাত্রী দেখে গাড়ির সংখ্যা বাড়িয়েছেন কাউন্টার ব্যবস্থাপকরা। এসময় কোনো কোনো কাউন্টারে বেশি দামেও টিকেট বিক্রি করতে দেখা গেছে।

সকালে কল্যাণপুরে হানিফ, শ্যামলী, টিআর ট্রাভেলস, এসআর পরিবহন, ন্যাশনাল পরিবহন, গ্রামীণ ট্রাভেলস, দেশ ট্রাভেলসের মতো কাউন্টারে যাত্রী থাকলেও সংখ্যায় কম হওয়ায় কাউন্টারকর্মীদের স্বস্তিতে দায়িত্ব পালন করতে দেখা গেছে। সময় মতোই যাত্রীদের বাসে তুলে দিয়েছেন তারা।

Image
গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

দেশ ট্রাভেলস কাউন্টারের ব্যবস্থাপক তৌহিদুল ইসলাম জানান, প্রতিদিন ঢাকা থেকে ২৭টি সার্ভিস চালানোর সক্ষমতা থাকলেও ঈদ উপলক্ষে ১৮টি বাস ঢাকা ছেড়ে যাচ্ছে। মহাসড়কে যানজট না থাকায় সময়সূচিতে কোনো হেরফের হচ্ছে না।

“গত ১৫ দিন আগে ১০ থেকে ১২ ঘণ্টা যানজটে পড়েছিল রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জগামী বাসগুলো। সে কারণে ঈদে ঝামেলা এড়াতে সার্ভিস কমিয়ে দিয়েছিলাম। কিন্তু এখন দেখছি যানজট তেমন নেই।”

নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে চলাচলকারী তুহিন এলিট পরিবহনের কাউন্টারকর্মী ইসমাইল জানান, তাদের অধিকাংশ টিকেট আগাম বিক্রি হয়েছে। অনেকে টিকেট ফেরত দেওয়ার পর সেসব তাৎক্ষণিকভাবে বিক্রিও করা যাচ্ছে।

তুহিন এলিটে নাটোরের যাত্রী সাইদুর রহমান জানান, তিনি সকাল ৮টায় কাউন্টারে এসেও বেলা ১২টার টিকেট পেয়েছেন।

Image
গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

সকাল ১০টার দিকে হ্যান্ডমাইকে নাটোর-রাজশাহী অঞ্চলের জন্য তাৎক্ষণিকভাবে যাত্রী ডাকতে দেখা যায় এক ব্যক্তিকে। উজ্জল পরিবহন নামে একটি বাসের জন্য যাত্রী খুঁজছেন বলে জানান তিনি।

গাবতলী থেকে পাবনাগামী সিলভার লাইন, সি-লাইন, সরকার ট্রাভেলস, পাবনা এক্সপ্রেস, কিংস, অভি ট্রাভেলস, নাইট স্টারসহ আরও অনেক পরিবহনের কাউন্টারের কর্মীরাও যাত্রী ডাকছিলেন।

কিন্তু অফিস ছুটির পর বিকালে কাউন্টারগুলোর দৃশ্যপট পাল্টে যায়। যাত্রী বাড়তে থাকায় কাউন্টার কর্মীদের এসময় আর ডাকাডাকিও করতে দেখা যায়নি।

কল্যাণপুরে হানিফ পরিবহনের টিকেট ব্যবস্থাপক আব্দুর রহমান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালের পরিস্থিতি বিকালে একেবারেই পাল্টে গেছে। পরিকল্পনায় না থাকলেও বিকালে উত্তরবঙ্গের দিকে তিনটি বিশেষ বাস দেওয়া হয়েছে।”

Image
গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

গাবতলীতে বাসের অপেক্ষায় যাত্রীরা (ফাইল ছবি)

যাত্রীদের উপস্থিতি দেখে লোকাল বাসও নামিয়েছেন অনেক পরিবহন মালিক। তবে এক্ষেত্রে ভাড়া নেওয়া হয় প্রায় দ্বিগুণ।

ন্যাশনাল ট্রাভেলসের কাউন্টার ব্যবস্থাপক সোহেল জানান, কিছু মধ্যম মানের বাস সার্ভিস আগাম টিকেট বিক্রি করতে পারেনি। শেষ মুহূর্তের ভিড়কে কাজে লাগিয়ে তারা এখন কিছুটা বেশি ভাড়া নিচ্ছে।

“ঢাকায় ফেরার সময় বাসগুলো ফাঁকা থাকে। তাই যাওয়ার সময় ভাড়া বেশি নেওয়ার যৌক্তিকতা থাকে,” বলেন সোহেল।

সিরাজ নামের এক পরিবহনকর্মী বলেন, সকালে তারা যাত্রী ডেকেও যাত্রী পাননি। বিকালে আর যাত্রী ডাকতে হয়নি। নাটোর-রাজশাহীর যাত্রীরা সাড়ে ৮০০ টাকাতেও টিকেট কিনেছেন।

সাধারণত রাজশাহীগামী টিকেটের দাম সাড়ে ৫০০ থেকে ৬০০ টাকা বলে জানান তিনি।