চূড়ান্ত প্রতিবেদন: আরাফাত সানির ভাগ্য জানা যাবে ২৫ সেপ্টেম্বর
ক্রিকেটার আরাফাত সানি ও তার মায়ের বিরুদ্ধে নারী নির্যাতনের ‘প্রমাণ পাওয়া যায়নি’ জানিয়ে পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন শুনানির জন্য যাচ্ছে নারী নির্যাতন দমন ট্রাইব্যুনালে।
ঢাকার মহানগর হাকিম জিয়ারুল ইসলাম বৃহস্পতিবার প্রতিবেদনটি বুঝে নিয়ে শুনানির জন্য নথিপত্র ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
আদালত পুলিশের এসআই হরলাল মল্লিক জানান, আগামী ২৫ সেপ্টেম্বর ট্রাইব্যুনালে পুলিশ প্রতিবেদনের ওপর শুনানি হবে।
সানির স্ত্রী দাবিদার নাসরিন সুলতানার দায়ের করা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ আইনের এ মামলার তদন্ত শেষে গত ১৭ অগাস্ট মুখ্য মহানগর হাকিম আদালতে চূড়ান্ত প্রতিবেদন দেয় মোহাম্মদপুর থানার পুলিশ।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. ইয়াহিয়া তার প্রতিবেদনে বলেছেন, আরাফাত সানির সঙ্গে মামলার বাদীর বিয়ে বা কাবিনের সত্যতা পাওয়া যায়নি।
“সানি ও নাসরিন একটি হোটেলে যাতায়াত করতেন। তবে একটি রেস্তোরাঁয় তাদের বিয়ের যে কথা মামলার এজাহারে বলা হয়েছে তারও কোনো প্রমাণ পাওয়া যায়নি।”
সানির মা লোকজন নিয়ে নাসরিন সুলতানাকে মারধর করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তদন্তে ওই অভিযোগের পক্ষে কোনো সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা।
সেখানে বলা হয়, “মামলার বাদী ভুল তথ্য দিয়ে মামলাটি করেছেন। তাই নারী ও শিশু নির্যাতন দমন আইনের (সংশোধিত ২০১৩) এর ১১ (গ) ৩০ ধারা মতে, আসামিদের অব্যাহতির আবেদন করে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করা হল।”
মামলার বাদী নাসরিন সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি দেবেন তিনি।
সানির বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইন ও যৌতুক নিরোধ আইনে আরও দুটি মামলা করেছেন নাসরিন। এর মধ্যে তথ্য প্রযুক্তি আইনের মামলায় গত ২২ জানুয়ারি এই ক্রিকেটারকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বাকি মামলা দুটি দায়ের করেন নাসরিন।
এসব মামলায় বলা হয়, সাত বছর আগে পরিচয়ের সূত্র ধরে সানির সঙ্গে নাসরিনের ঘনিষ্ঠতা হয়। ২০১৪ সালের ৪ ডিসেম্বর অভিভাবকদের না জানিয়ে তারা বিয়ে করেন। কিন্তু সানি তিন বছরেও নাসরিনকে আনুষ্ঠানিকভাবে ঘরে তুলে নেননি। বারবার এ বিষয়ে চাপ দিলেও তিনি কালক্ষেপণ করেন।
ওই তরুণীর অভিযোগ, সানির পরিবার তাদের বিয়ে মেনে না নেওয়ায় তাকে তুলে নেওয়া হয়নি। এক পর্যায়ে সানি তার কাছে ২০ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা দিলে ঘরে তুলে নেবেন বলে জানান। যৌতুকের দাবিতে তাকে মারধরও করা হয়।
এসব মামলায় পরে নাসরিনের জিম্মাতেই সানিকে জামিন দেয় আদালত। এই মামলার ফাঁকেই ৩০ বছর বয়সী সানির আগের আরেকটি বিয়ের কথাও বেরিয়ে আসে।
দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সমঝোতা করতে আদালতের তাগিদের পরিপ্রেক্ষিতে গত ৭ জুন সানির আইনজীবীরা জানান, এই ক্রিকেটার দুই স্ত্রীকেই রাখতে চান।
এদিকে সানির পক্ষে এতদিন মামলা লড়ে আসা আইনজীবী মো. জুয়েল জানিয়েছেন, জাতীয় দলে খেলা ক্রিকেটার আরাফাত সানির জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একজন আইনজীবী নিয়োগ দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমি এ মামলা পরিচালনার দায়িত্ব ছেড়ে দিয়েছি।”
