২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিপুত্র রনির মামলায় জবানবন্দি গ্রহণকারী হাকিমের সাক্ষ্য

ঢাকার ইস্কাটনে জোড়া খুনের ঘটনায় এমপিপুত্র বখতিয়ার আলম রনির বিরুদ্ধে মামলায় এক সাক্ষীর জবানবন্দি গ্রহণকারী ঢাকার সাবেক একজন মহানগর হাকিম আদালতে সাক্ষ্য দিয়েছেন।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 07:55 PM

Updated : 19 Aug 2022, 05:26 PM

বর্তমানে রাজবাড়ী জেলার যুগ্ম জেলা ও দায়রা জজ হিসাবে কর্মরত আমিনুল হক বুধবার ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোসা. শামছুন্নাহারে আদালতে সাক্ষ্য দেন।

তার সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ২৫ সেপ্টেম্বর মামলাটির পরবর্তী সাক্ষ্যগ্রহণের তারিখ ঠিক করে দেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান এ আদালতের রাষ্ট্রপক্ষের অন্যতম কৌঁসুলি মো. মাকসুদ।

মামলাটিতে এই পর্যন্ত ২০ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বিচারক আমিনুল হক ঢাকার হাকিম  আদালতে কর্মরত থাকা অবস্থায় এই মামলার প্রত্যক্ষ সাক্ষী কামাল মাহমুদের জবানবন্দি গ্রহণ করেছিলেন।

কামাল সরকারদলীয় সংসদ সদস্য পিনু খানের ছেলে রনির বন্ধু।

সাক্ষ্যগ্রহণের সময় আসামি রনি আদালতে উপস্থিত ছিলেন।

গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে তাকে বিশেষ প্রিজনভ্যানে করে আদালতে আনা হয় বলে ঢাকার মহানগর দায়রা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত এসআই নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফার ডটকমকে জানান।

ওই বিশেষ প্রিজন ভ্যানে রনি ছাড়াও ছিলেন হল-মার্ক দুর্নীতি মামলার ছয় আসামি।

Image
বখতিয়ার আলম রনি (ফাইল ছবি)

বখতিয়ার আলম রনি (ফাইল ছবি)

রনিকে বিশেষ ব্যবস্থায় আনার বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাকসুদ বলেন, “একটি কারণ হচ্ছে নিরাপত্তা। আর এটি কারা কর্তৃপক্ষের নিজেদের সিদ্ধান্তের বিষয়; যদিও আলাদাভাবে তাকে আদালতে নিয়ে আসার জন্য বিচারকের কোনো অনুমতি নেই। 

“বড়লোকের পোলাপান, সম্ভবত আসামিকে একটু আরাম দেওয়ার  জন্য এ ব্যবস্থা হতে পারে।”

এসআই নূরুজ্জামানের কাছে জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমরা কিছু বলতে পারব না। কারা কর্তৃপক্ষ প্রিজনভ্যানে আমাদের আসামিকে পৌঁছে দেয়। পরে মামলা শেষে তাকে প্রিজনভ্যানে তুলে দিই।”

২০১৫ সালের ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে নিউ ইস্কাটনে একটি কালো রঙের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছোড়া হলে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

ওই ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাত পরিচয় কয়েকজনকে আসামি করে রমনা থানায় ১৫ এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করেন।

পুলিশ তদন্ত করে ওই বছরের ৩০ মে এলিফ্যান্ট রোডের বাসা থেকে রনিকে আটক করে। গোয়েন্দাদের দাবি, সেদিন যানজটে পড়ে ক্ষিপ্ত হয়ে রনি এলোপাতাড়ি গুলি ছুড়েছিলেন।

ওই বছরের ২১ জুলাই গোয়েন্দা পুলিশের এসআই দীপক কুমার দাস আদালতে অভিযোগপত্র দেন। এরপর গত বছরের ৬ মার্চ আদালতে অভিযোগ গঠনের পর শুরু হয় রনির বিচার।

পুরনো খবর:

‘সামান্য যানজটে পড়েই গুলি চালান সাংসদপুত্র রনি’
ইস্কাটনে জোড়া খুন: এমপিপুত্র রনির বিরুদ্ধে সাক্ষ্য শুরু