২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পী আবদুল জব্বারের অভাব পূরণ হওয়ার নয়: খালেদা

স্বাধীনতাযুদ্ধের কণ্ঠসৈনিক আবদুল জব্বারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 02:20 PM

Updated : 19 Aug 2022, 05:27 PM

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ৯টা ১০ মিনিটে মারা যান গুণী শিল্পী আবদুল জব্বার। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। 

তার মৃত্যুতে যুক্তরাজ্যে অবস্থান করা বিএনপি নেত্রী খালেদা জিয়া এক শোক বার্তায় আবদুল জব্বারকে সঙ্গীতাঙ্গণের ‘উজ্জ্বল জ্যোতিস্ক’ বলে অভিহিত করেন।

এতে তিনি বলেন, “তার মৃত্যুতে দেশ হারালো অসাধারণ একজন গুণী শিল্পীকে, যার অভাব সহজে পূরণ হওয়ার নয়। সংগীতে তার অবদান জাতি চিরদিন স্মরণ রাখবে।”

প্রয়াত এই শিল্পীর আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেন তিনি।

দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত ওই শোক বার্তায় বলা হয়, শিল্পী আবদুল জব্বারকে এক অনন্য সাধারণ গুণী শিল্পী হিসেবে অভিহিত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া।

একুশে পদক পাওয়া এই শিল্পীর সম্পর্কে খালেদা জিয়া বলেন, “তার গান এদেশের সঙ্গীতপ্রেমী মানুষের হৃদয় স্পর্শ করেছিল। তার কন্ঠে গান, বাণী ও সুরের ব্যঞ্জনা মানুষকে আবিষ্ট করত। দেশবাসী আপ্লুত হয়েছিল তার গানে।

“সালাম সালাম হাজার সালামসহ অসংখ্য উদ্দীপনামূলক গান গেয়ে তিনি মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী রণাঙ্গনের বীর যোদ্ধাদের অনুপ্রাণিত করেছিলেন। স্বাধীনতা যুদ্ধের কন্ঠসৈনিক আব্দুল জব্বারের মৃত্যু বাংলাদেশি জাতির জন্য মর্মস্পর্শী ও বেদনার।”

পাঁচ দশকের বেশি সময় বাংলাদেশের গানের ভুবনে আলো ছড়ানো শিল্পী আবদুল জব্বারের দুটো কিডনিই নষ্ট হয়ে গিয়েছিল। পাশাপাশি তিনি হৃদযন্ত্র ও প্রোস্ট্যাটের সমস্যায় ভুগছিলেন।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের এই শিল্পী বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত হয়েছেন।