ঈদযাত্রার চতুর্থ দিন ট্রেনে উপচেপড়া ভিড়
ঈদযাত্রার চতুর্থ দিনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়ের মধ্যে কমলাপুর ছেড়ে গেছে বিভিন্ন রুটের ট্রেন।
রাজশাহীগামী সিল্কসিটি এক্সপ্রেস কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়ার কথা বেলা ২টা ৪০ মিনিটে: ছেড়ে যাওয়ার সময়ে ট্রেনটি প্ল্যাটফর্মে পৌঁছালে অপেক্ষায় থাকা যাত্রীরা হুমড়ি খেয়ে পড়ে ট্রেনের দরজার দিকে। ধাক্কাধাক্কি, হুড়োহুড়ি করে যে যেভাবে পারে ট্রেনে চড়েছে।
এভাবে বেলা সোয়া ৩টা পর্যন্ত ঠেলেঠুলে, যেকোনোভাবেই হোক যাত্রীরা উঠেছেন। অনেকের আশ্রয় হয়েছে দরজা বা দরজার পাদানিতে। টিকিট কাটতে পারেনি যারা, এমন অনেকে উঠে পড়েছে ট্রেনের ছাদে।
বুধবার কমলাপুর স্টেশন ছেড়ে যাওয়া বেশিরভাগ ট্রেনের চিত্র এমন।
ভেতরে জায়গা না পেয়ে অনেকে ট্রেনের ছাদে চড়ছেন। অনেকে ইঞ্জিনের সামনের অংশে বসে ঝুঁকি নিয়েই বাড়ির পথে রওনা হয়েছেন।
সকালের ট্রেনগুলোয় ভিড় মোটামুটি থাকলেও দুপুরের পর থেকে স্টেশনে যাত্রীদের ভিড় আরও বাড়ে।
গত ২১ অগাস্ট যারা ঈদের আগাম টিকেট কিনেছিলেন, তারাই বুধবার বাড়ির পথের ট্রেন ধরেছেন। এর বাইরে ‘সিটবিহীন টিকেটের’ যাত্রী আছে অসংখ্য।
অনেক ভিড় ঠেলে নিজের ট্রেনের কামরায় নিজের নির্ধারিত আসনে বসেছেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার তাসকিনুর রহমান। তাসকিনুর বলেন, অনেকটা ভাগ্যক্রমে টিকেট পেয়ে গেছেন তিনি।
ভিড়ের এই চাপের পরও এবারের ঈদযাত্রাকে ‘স্বস্তিদায়ক’ বলছেন রংপুর এক্সপ্রেসের যাত্রী আইয়ুব আলী।
“ট্রেনের টিকেট কেনার সময় ভিড় থাকলেও ট্রেনের ওঠার সময় সেই ভিড় ছিল না। খুব সুন্দরভাবে যেতে পারছি। এখনও কোনো কষ্ট হচ্ছে না। একটু দেরি হতে পারে, যাত্রী যেহেতু বেশি। কিন্তু আগের মতো ৩-৪ ঘণ্টা লেট হচ্ছে না।”
বাংলাদেশের মুসলমানরা কোরবানির ঈদ উদযাপন করবেন ২ সেপ্টেম্বর শনিবার। তার আগে বৃহস্পতিবার শেষ কর্মদিবস শেষেই ঘরমুখো যাত্রীদের সবচেয়ে বেশি চাপ থাকবে বলে রেল কর্মকর্তারা মনে করছেন।
দেওয়ানগঞ্জ স্পেশাল ট্রেনের যাত্রী সারোয়ার হোসেন বলেন, যাত্রাপথের কষ্ট বাড়ি পৌঁছানোর পর আর থাকে না।
“যাওয়ার সময় একটু কষ্ট হয়। কিন্তু বাসায় ঈদ করার একটা আনন্দ থাকে। সে কারণে কষ্টটা আর বেশি মনে থাকে না।”
অনেক যাত্রী দাঁড়িয়ে যাওয়ার টিকেট নিয়েছেন। ‘স্ট্যান্ডিং’ টিকেট নিতে রেলওয়ের টিকেট পরিদর্শকদের সামনে ভিড় করেছেন অনেকে। পরিদর্শকরা টিকিট ছাড়া কাউকে প্ল্যাটফর্মে ঢুকতে দিচ্ছিলেন না। যারা যেতে চায় তাদের দাঁড়িয়ে যাওয়ার টিকেট ধরিয়ে দিচ্ছেন।
“টিকেটের লাইগ্যা যেই লাইন দেওন লাগে! এর চাইতে খাড়াইয়া যাওন ভাল। তিন ঘণ্টায় যামুগা।”
বুধবারও কয়েকটি আন্তঃনগর ট্রেন কমলাপুর থেকে দেরি করে ছেড়েছে।
খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও সেটি সকাল ৮টা ৪০মিনিটে ছেড়ে যায়। ঢাকা-চিলাহাটি রুটের নীলসাগর এক্সপ্রেস সকাল ৮টায় ছাড়ার কথা থাকলেও সেটি ছেড়ে যায় ১০টা ২০মিনিটে।
এছাড়া রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস ১ ঘণ্টা এবং দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ১৫ মিনিট দেরিতে কমলাপুর ছেড়ে গেছে।
রাজশাহীর সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনও ৪০ মিনিট দেরি করেছে। দুপুর ২টায় যাওয়ার কথা থাকলেও সেটি ৩টা ২০ মিনিটে স্টেশন ছেড়েছে।
যাত্রী চাপের পাশাপাশি কয়েকটি ট্রেন কমলাপুরে আসতে দেরি হওয়ায় কিছু ট্রেন ছাড়তে দেরি হয়েছে বলে সিতাংশু চক্রবর্তী জানান।
তিনি বলেন, “ট্রেনগুলোতে যাত্রীদের উপচেপড়া ভিড়। ট্রেনে উঠতেও সময় লাগে। নামতেও সময় লাগে। সুন্দরবন ট্রেনটি যাওয়ার পথে ২১টি স্টেশনে থামে। প্রতিটি স্টেশনেই নির্ধারিত সময়ের চেয়ে বেশি সময় লাগছে।”
