২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাস্তার জন্য যানজট হবে না: কাদের

সারা দেশের সড়ক-মহাসড়কের অবস্থা ভালো দাবি করে সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদযাত্রায় কোথাও রাস্তার জন্য যানজট হবে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 11:21 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

মঙ্গলবার ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে ‘ভিজিলেন্স টিমের’ কার্যক্রম পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, “আমিতো রাস্তাঘাট নিয়ে মোটেও চিন্তিত নই। কারণ সারা দেশে মহাসড়ক এখন ‘গুড শেইপে’ আছে, ভালো অবস্থায় আছে। যেগুলো বন্যার কারণে ও টানা বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছিল, সেগুলো গতকালের মধ্যে পাসেবল করা হয়েছে, যানবাহন চলাচলের উপযোগী করা হয়েছে।

“এই মুহূর্তে আমি বলছি, আশ্বস্ত করছি, সারা দেশের রাস্তা যানজটের কারণ হবে না। রাস্তার জন্য কোথাও যানজট হবে না।”

এই বক্তব্যকে ভিন্নভাবে না নেওয়ার অনুরোধ করে মন্ত্রী বলেন, “এটাকে আবার কেউ ভিন্নভাবে ব্যাখ্যা করবেন না। রাস্তা বা সড়কের জন্য যানজট হবে না। কিন্তু যানজট হবে না- এ নিশ্চয়তা আমি দিতে পারি না।”

পশুবাহী গাড়ির কারণে মহাসড়কে ধীরগতি হয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “রাস্তার উপর পশুবাহী ধীরগতির গাড়িগুলো মাঝে মাঝে আটকে যায়। আজ এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় ধীরগতি আছে, তবে কোথাও যানজটের ছবি নেই।

“আজ থেকে রাশ বাড়বে রাস্তায়। এই অবস্থায় যারা দায়িত্বপ্রাপ্ত, সবাইকে সতর্ক থাকতে হবে। মালিকদের কাছে অনুরোধ করব, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় নামাবেন না। ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় পেলে কঠোর ব্যবস্থা নেব, অতিরিক্ত ট্রিপের জন্য ওভার টেকিং ও ওভার স্পিড প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে।”

অতিরিক্ত ভাড়া নেওয়ায় পিরোজপুর রুটের দোলা পরিবহনকে ভিজিলেন্স টিম ২০ হাজার টাকা জরিমানা করেছে জানিয়ে মন্ত্রী বলেন, “যারা অতিরিক্ত ভাড়া নেবে, তাদের কাউন্টার বন্ধ করে দেওয়া হবে।”

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিজের তৎরতা-আন্তরিকতা বোঝাতে ওবায়দুল কাদের বলেন, “আজ একনেক মিটিংয়ে আমার চারটি এজেন্ডা আছে, যা মন্ত্রীর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরও প্রধানমন্ত্রীর কাছ থেকে ছুটি নিয়ে আমি রাস্তায় আছি, আমি রাস্তায় থাকব।”

এর আগে যাত্রাবাড়ী-কাঁচপুর আট লেন মহাসড়কের পাশে কোরবানির পশুর হাট সংলগ্ন সড়ক ও যানজটপ্রবণ এলাকা পরিদর্শন করেন মন্ত্রী।