২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড্যান্ডি ডায়িং মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়ে ২৬ ফেব্রুয়ারি

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ জনের বিরুদ্ধে ড্যান্ডি ডায়িংয়ের ঋণখেলাপির মামলায় সাক্ষ্যগ্রহণ পিছিয়েছে

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 05:28 PM

Updated : 19 Aug 2022, 05:25 PM

মঙ্গলবার আসামিপক্ষের সময়ের আবেদন মঞ্জুর করে ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক রবিউল আলম পরবর্তী আগামী ২৬ ফেব্রুয়ারি দিন ধার্য করেছে বলে সোনালী ব্যাংকের আইনজীবী জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

তিনি বলেন, মামলার আসামি প্রয়াত সাঈদ এস্কান্দরের স্ত্রী বেগম নাসরিন আহমেদের পক্ষে হাই কোর্ট মামলাটি ছয় মাসের জন্য স্থগিত করেছে। এরপর হাই কোর্ট স্থগিতাদেশের মেয়াদও বাড়িয়েছে।

এজন্য সাক্ষ্যগ্রহণ পেছাতে সময়ের আবেদন করা হয়।

গত বছর ২২ ফেব্রুয়ারি মামলায় বিচার্য বিষয় ঠিক করেন একই আদালতের বিচারক।

মামলার আসামিরা হলেন- বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান, খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, প্রয়াত সাঈদ এস্কান্দরের ছেলে শামস এস্কান্দার ও সাফিন এস্কান্দার, মেয়ে সুমাইয়া এস্কান্দার, স্ত্রী বেগম নাসরিন আহমেদ, গিয়াস উদ্দিন আল মামুন, মামুনের স্ত্রী শাহীনা ইয়াসমিন, কাজী গালিব আহমেদ, শামসুন নাহার ও মাসুদ হাসান, প্রয়াত মোজাফফরের স্ত্রী শামসুন্নাহার এবং ছেলে মাসুদ হাসান।

২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। মামলায় ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণ খেলাপের অভিযোগ করা হয়।