আহমদ রফিককে নিয়ে নির্মিত ‘নির্বাসিত নায়ক’র প্রিমিয়ার
প্রাবন্ধিক ও গবেষক আহমদ রফিকের জীবন ও কর্ম নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র ‘নির্বাসিত নায়ক’র প্রিমিয়ার হয়েছে।
৩৫ মিনিট দৈর্ঘ্যের চলচ্চিত্রটি নির্মাণ করেছেন জাঁ-নেসার ওসমান। আহমদ রফিকের প্রথম কাব্যগ্রন্থ ‘নির্বাসিত নায়ক’ অবলম্বনে এর নামকরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে কথাশিল্পী শওকত ওসমান স্মৃতি পরিষদ আয়োজন করে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী অনুষ্ঠান।
এতে প্রধান অতিথি ছিলেন কমিউনিস্ট পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হায়দার আকবর খান রনো। বিশেষ অতিথি ছিলেন জাতীয় জাদুঘরের মহাপরিচালক ফয়জুল লতিফ চৌধুরী।
আহমদ রফিক বলেন, “আমি মার্কসবাদী বলে একটি মতে বিশ্বাস করি, তা হল- ‘নো সেন্স অফ বিলঙ্গিং’। জীবিকা অর্জনের শুরু থেকে লেখালেখির জীবন- কোনোদিন আমি অর্থবিত্তের পেছনে ছুটিনি।
“আমার সহায় সম্পদ বলতেও কিছু নেই। প্রতিভার কাছাকাছিও নই আমি। সম্মাননা, স্বীকৃতির প্রতি আমার কোনো আকর্ষণ নেই।”
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নির্বাসিত নায়ক’- এ আহমদ রফিকের কর্মজীবনের চেয়ে তার সাহিত্য ও গবেষণার অধ্যায়টি উঠে এসেছে বেশি। প্রাবন্ধিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সংস্কৃতিকর্মীরা তাকে নিয়ে মূল্যায়ন করেছেন এই প্রামাণ্যচিত্রে।
৮৮ বছর বয়সী এই গবেষক বলেন, “আমাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ হল, এ এক বিশেষ প্রাপ্তি। আমার আমিকে তুলে ধরার ব্যাপারে এই ৩৫ মিনিটের চলচ্চিত্রই যথেষ্ট। এর বাইরে আরও কিছু যোগ করলে সেটা দর্শকের বিরক্তির কারণ হত।”
নিজেকে নিয়ে বলতে গিয়ে আহমদ রফিক বলেন, “আমি প্রগতিশীল, আমি নিভৃতচারী নই। সমাজ বদলের জন্য আমি রাজপথে নেমেছি। রাজনীতির ক্ষেত্রে কখনও কখনও মেটা-ফিজিক্যাল চিন্তাভাবনা আমার মধ্যে এসে দাঁড়ায়। একাকীত্ববোধ বলুন আর নৈসর্গ্যবোধ- আমাকে নিয়ত তাড়িত করে।”
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ের গানের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, কবিতার বিদ্রোহী চেতনা, আর ব্রিটিশবিরোধী আন্দোলনের বিপ্লবী ভগত সিংয়ের বিপ্লব তাকে উদ্বেলিত করে বলেও জানান তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হায়দার আকবর খান রনো বলেন, “আহমদ রফিক আজীবন রাজনীতি ও সমাজ সচেতন মানুষ। তার বয়স হয়েছে, কিন্তু সাম্প্রদায়িকতাবিরোধী লড়াইয়ের তার মতো অসাম্প্রদায়িক মানুষের প্রয়োজন সামান্যতম কমবে না।”
নির্মাতা জাঁ-নেসার ওসমান বলেন, “আহমদ রফিকের মতো ব্যক্তিত্বকে সাধারণের কাতারে নিয়ে যেতে হলে চলচ্চিত্রের মাধ্যমেই নিতে হত।”
অনুষ্ঠানে আহমদ রফিককে নিয়ে আলোচনা করেন লেখক আন্দালিব রাশদী ও প্রামাণ্যচিত্রটির নির্মাণ উপদেষ্টা ফরিদুর রহমান।
১৯২৯ সালের ১২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুরে জন্ম নেন আহমদ রফিক।
তার কাব্যগ্রন্থগুলোর মধ্যে রয়েছে, ‘নির্বাসিত নায়ক’, ‘বাউল মাটিতে মন’, ‘রক্তের নিসর্গে’, ‘পড়ন্ত রোদ্দুরে’, ‘ভালোবাসা ভালো নেই’, ‘নির্বাচিত কবিতা’।
প্রবন্ধ-গবেষণাগ্রন্থের মধ্যে রয়েছে, ‘শিল্প সংস্কৃতি জীবন’, ‘নজরুল কাব্যে জীবনসাধনা’ ‘আরেক কালান্তর’, ‘বুদ্ধিজীবীর সংস্কৃতি’, ‘রবীন্দ্রনাথের রাষ্ট্রচিন্তা ও বাংলাদেশ’, ‘একুশের ইতিহাস আমাদের ইতিহাস’, ‘ভাষা আন্দোলন: ইতিহাস ও তাৎপর্য’, ‘ভাষা আন্দোলনের স্মৃতি ও কিছু জিজ্ঞাসা’। ১৯৬৩ থেকে ১৯৭০ সাল অবধি তিনি ত্রৈমাসিক সাহিত্যপত্রিকা ‘নাগরিক’ সম্পাদনা করেছেন।
স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে একুশে পদক, ২০০১ সালে বাংলা একাডেমির ‘রবীন্দ্র পুরস্কার’, ১৯৭৯ সালে ‘বাংলা একাডেমি পুরস্কার’, ১৯৯৭ সালে পশ্চিমবঙ্গের টেগোর রিসার্চ ইনস্টিটিউট থেকে তিনি ‘রবীন্দ্রত্ত্বাচার্য’ উপাধি পান।
