গোলাপবাগে নিহত একজনের পরিচয় মিলেছে
ঢাকার গোলাপবাগে পয়ঃনিষ্কাশন লাইনে বিস্ফোরণের ঘটনায় নিহত দুইজনের মধ্যে একজনের পরিচয় জানা গেছে।
লুৎফর মাতাব্বর নামের ৪০ বছর বয়সী ওই ব্যক্তি একজন গরু ব্যবসায়ী ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের ডেমরা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার ইফতেখারুল ইসলাম জানান, সোমবার রাতে বিস্ফোরণের সময় লুৎফর পাশেই একটি ভাঙারির দোকানের সামনে ছিলেন।
“বিস্ফোরণের পর ওই ভাঙারি দোকানে আগুন লাগে যায় এবং লুৎফর ঘটনাস্থলেই মারা যান। নিহত অন্যজনের পরিচয় এখনও আমরা জানতে পারিনি। গ্যাস বিস্ফোরণে ম্যানহোলের ঢাকনি ছুটে গিয়ে আঘাত লেগে তার মৃত্যু হয়।”
যাত্রাবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদ বলেন, পয়ঃনিষ্কাশন লাইনে গ্যাস জমে হঠাৎ ওই বিস্ফোরণ ঘটে। তাতে রাস্তার ক্ষতি হওয়ার পাশাপাশি পাশের একটি দোকানে আগুন লেগে যায়। ফায়ার সার্ভিস গিয়ে পরে আগুন নেভায়।
এ ঘটনায় ভাঙারি দোকানের কর্মচারী আবুল হাসেম এবং আরও দুজন সামান্য দগ্ধ হয়েছেন। হাসেমের দেহের ৭৫ শতাংশ পুড়ে গেছে বলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির কর্মকর্তা বাচ্চু মিয়া জানিয়েছেন।
