২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিডিএ কেডিএ আইনের চূড়ান্ত অনুমোদন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 04:44 PM

Updated : 11 Oct 2022, 02:27 PM

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে আইন দুটির খসড়া অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “আইনে বড় কোনো পরিবর্তন আনা হয়নি। খসড়াতে যা এসেছিল তাই রাখা হয়েছে, শুধু সচিব শব্দটি যোগ করা হয়েছে। এখন দুই কর্তৃপক্ষেই একজন করে মেম্বার সেক্রেটারি থাকবেন।”

এর আগে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছিলেন, মার্শাল ল আমলের আইন দিয়ে সিডিএ ও কেডিএ চলছিল। উচ্চ আদালতের নির্দেশে এসব আইনকে পরিমার্জন করে বাংলা করা হচ্ছে।

শফিউল জানান, সিডিএ-তে একজন চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য, চট্টগ্রামের ডিসি ছাড়াও গণপূর্ত মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, চট্টগ্রাম রেলওয়ে (পূর্ব) এবং গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী পর্যায়ের একজন করে প্রতিনিধি থাকবেন।

Image
মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিআইডি

মন্ত্রিসভার বৈঠক। ছবি: পিআইডি

এছাড়া চট্টগ্রাম ওয়াসার এমডি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, সিটি করপোরেশন মেয়রের মনোনীত দুজন কাউন্সিলর, চট্টগ্রাম চেম্বারের একজন প্রতিনিধি এবং সরকার মনোনীত চারজন ‘বিশিষ্ট নাগরিককেও’ সিডিএতে রাখা হয়েছে।

কেডিএ-তে একজন চেয়ারম্যান এবং চারজন সার্বক্ষণিক সদস্য; খুলনা, যশোর ও বাগেরহাটের জেলা প্রশাসক ছাড়াও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয়, স্থাপত্য অধিদপ্তর, পর্যটন করপোরেশন, মংলা বন্দর এবং খুলনা পুলিশ কমিশনারের একজন প্রতিনিধি থাকবেন বলে জানান শফিউল আলম।

এছাড়া গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী; খুলনা সিটি করপোরেশন, মংলা ও নোয়াপাড়া পৌরসভার একজন করে প্রতিনিধি ছাড়াও সরকার মনোনীত তিনজন বিশিষ্ট নাগরিককে কেডিএ-তে রাখা হয়েছে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব।

তিনি বলেন, দুই উন্নয়ন কর্তৃপক্ষের বিভিন্ন কমিটির কার্যক্রম আগের মতোই আছে।